নবীগঞ্জে জোড়া মামলা থকে সুহানকে অব্যাহতি, আইনি জটিলতায় সালমার পরিবার
হবিগঞ্জের নবীগঞ্জে বহুল আলোচিত একটি বিরোধে বড় ধরনের আইনি সাফল্য পেয়েছেন সুহান আহমেদ মুসা। যুক্তরাজ্য প্রবাসী সালমা আক্তারের ভাই শামীম মিয়ার দায়ের করা পৃথক দুটি মামলায় অভিযোগ প্রমাণিত না হওয়ায় আদালত তাকে মামলা থেকে অব্যাহতি দিয়েছেন।
আদালত সূত্রে জানা গেছে, সুহান আহমেদ মুসার বিরুদ্ধে দায়ের করা সিআর ২২০/২০২৩ নম্বর মামলায় গত ২৫ মার্চ (২০২৫) এবং মিস ৩০/২০২৪ নম্বর মামলায় ৬ এপ্রিল বিচারক তাকে অব্যাহতির আদেশ দেন। আইনি প্রক্রিয়ায় এসব অভিযোগের সপক্ষে পর্যাপ্ত প্রমাণ উপস্থাপন করতে না পারায় আদালত এ সিদ্ধান্ত নিয়েছেন।
সুহান আহমেদ মুসার পক্ষের দাবি, শামীম মিয়ার আনা সব অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত ছিল, যা আদালতে সুহানের অব্যাহতির মাধ্যমে প্রমাণিত হয়েছে। উল্টো সালমা প্রতারণা করে বিদেশে পালিয়ে রয়েছেন। ১৬ মে ২০২৪ তারিখে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হলেও তিনি আদালতে হাজির হননি।
অন্যদিকে, সালমার পরিবারের দাবি—তারা ন্যায়বিচার পাননি। তারা এখনও চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং প্রতিনিয়ত তাদের ওপর হুমকি অব্যাহত রয়েছে।

