img

টালিউডের জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী বাংলা সিনেমা ও ওয়েব সিরিজের অত্যন্ত পরিচিত মুখ। যে কোনো ধরনের চ্যালেঞ্জিং চরিত্রে বারবার দর্শকদের মন জয় করে নেন তিনি। অভিনেত্রী হিসেবে ঠিক যতটা সফল, ঠিক ততটাই সক্রিয় সামাজিক মাধ্যমে। জীবনের ভালো-মন্দ সবটুকু ভক্তদের সঙ্গে শেয়ার করে নেন তিনি। বাড়ির বাগান থেকে পোষ্যের সঙ্গে সময় কাটানো কিংবা নতুন কোনো রান্নার ভিডিও শেয়ার করে নেন অভিনেত্রী। 

সম্প্রতি এক সন্ধ্যায় সামাজিক মাধ্যমে মন খারাপ করা একটি পোস্ট শেয়ার করে নিলেন মিমি চক্রবর্তী। বেশ কয়েকটি ছবি পোস্ট করে ক্যাপশনে লিখলেন— শারীরিক অবস্থা মোটেই ভালো নয়; দাঁত তোলার পর গাল ফুলে ঢোল। স্বাভাবিকভাবেই দু-একটি সেলাই পড়েছে। ফলস্বরূপ ঠোঁটে কালশিটে। সেই সঙ্গে আবার পায়ে টান। নানান সমস্যায় একেবারে জর্জরিত। এ অবস্থায় কী আর অভিনেত্রী সুলভ লুক শেয়ার করা সম্ভব? 

কফি আর পোষ্যের সঙ্গে এলোমেলো চুলে বিনা মেকআপেই সামাজিক মাধ্যমে নেটিজেনসহ ভক্ত-অনুরাগীদের মাঝে হাজির হয়েছেন অভিনেত্রী। দৈনন্দিন জীবনের সেই চেনা গল্প নিয়েই ফিরেছেন তিনি। আর সেই গল্পে ক্যামেরার আড়ালে নেই কোনো মেকআপ টিম। ঘুম থেকে উঠে কোনো সাজানো সুন্দর গল্পও নেই। শুধু রয়েছে খুব সাধারণ একজন মানুষের জীবনে একটা সপ্তাহ। 

তারকাদের এমন চেহারা দেখতে অভ্যস্ত নন ভক্ত-অনুরাগীরাও। সেই বিষয়ে মিমি চক্রবর্তী বলেন, হয়তো অনলাইনে এতদিন ধরে আমরা পরিপাটি, নিখুঁত জীবন দেখতেই এতটা অভ্যস্ত হয়ে গেছি যে, সত্যিকারের নিজেকে দেখানোই এখন সাহসের ব্যাপার মনে হয়। নিজের মতো সত্যি থাকাটাই এখন একরকম স্টাইলিশ।

সত্যিই বিনা মেকআপে তারকার দেখা বিরল দৃশ্যের মতো। নিজেদের ইমেজ ধরে রাখতেই চড়া মেকআপের প্রলেপ একপ্রকার বাঞ্ছনীয়। কিন্তু স্রোতের বিপরীতে হেঁটে মিমি যেন এক নতুন গল্প তৈরি করলেন। সামাজিক মাধ্যমে অভিনেত্রীর দ্রুত আরোগ্য কামনা করেছেন তার ভক্ত-অনুরাগীরা। পর্দায় তার গ্ল্যামারাস লুক যতটা আকর্ষণীয়, বিনা মেকআপে প্রকৃত সৌন্দর্যেও মুগ্ধ ভক্ত-অনুরাগীরা।

এই বিভাগের আরও খবর


সর্বশেষ