২৫ সেকেন্ডে ১৬ রাউন্ড গুলি, সিসিটিভিতে গায়কের ওপর হামলার লোমহর্ষক দৃশ্য
ভারতের উত্তরপ্রদেশের শামলিতে হরিয়ানভি গায়ক ও ইউটিউবার অঙ্কিত বালিয়ানের ওপর গুলি চালানোর ঘটনা ঘটেছে। সিসিটিভি ফুটেজ দেখা যায়, অন্তত চার ব্যক্তি তাকে লক্ষ্য করে একের পর এক গুলি ছুড়ছেন। ঘটনাস্থলেই মৃত্যু হয় অঙ্কিতের।
১ মিনিট ২৯ সেকেন্ডের ওই সিসিটিভি ভিডিওতে দেখা যায়, বুধবার (২৬ আগস্ট) সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটের দিকে কালো পোশাক পরে হাতে একটি ব্যাগ নিয়ে জিম থেকে বের হন অঙ্কিত। এরপর জিমের পাশেই রাখা নিজের গাড়ির দিকে এগিয়ে যান তিনি।
কয়েক সেকেন্ড পর রাস্তার বিপরীত দিক থেকে চার ব্যক্তি তার দিকে এগিয়ে আসেন। তারা অঙ্কিতকে লক্ষ্য করে গুলি চালাতে শুরু করেন। মাত্র ২৫ সেকেন্ডের মধ্যে অন্তত ১৬ রাউন্ড গুলির শব্দ শোনা যায়। এরপর চার হামলাকারী ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
পুলিশ জানিয়েছে, হামলাকারীরা দুটি মোটরসাইকেলে করে এসেছিল। তাদের শনাক্ত ও গ্রেফতারে তদন্ত শুরু হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেকে হরিয়ানার সোনিপতের বাসিন্দা ভোলু শাহপুরি পরিচয় দেওয়া এক ব্যক্তি দাবি করেছেন, গোগি গ্যাং অঙ্কিতকে হত্যার সঙ্গে জড়িত। পুলিশ জানিয়েছে, ওই দাবির সত্যতা যাচাই করা হচ্ছে। তদন্তের অংশ হিসেবে হরিয়ানায় চারটি পুলিশ দল পাঠানো হয়েছে।
হত্যার কয়েক ঘণ্টা আগেই গানে ‘খুনের কথা’
অঙ্কিত বালিয়ানের হত্যার কয়েক ঘণ্টা আগেই সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত একটি ভিডিওতে তার নতুন গানের কয়েকটি লাইন গাইতে দেখা যায়। সেখানে তিনি ‘মার্ডার মার দে সড়ক কে উপর’—অর্থাৎ ‘রাস্তায় খুন করে দাও’—লাইনটি গেয়েছিলেন। ভিডিওতে নিজের গাড়িতে বসে ‘বেবি বদমাশ’ গানটি গাইছিলেন তিনি। গানটি গত মাসে প্রকাশিত হয়।
শামলির বাসিন্দা অঙ্কিতের ইনস্টাগ্রামে পাঁচ লাখের বেশি অনুসারী এবং ইউটিউব চ্যানেলে তিন লাখের বেশি সাবস্ক্রাইবার ছিল। ‘ভরি কোর্ট মে গোলি মারেঙ্গে’, ‘বডি বিল্ডার’, ‘পিটিআই’ ও ‘এক খটোলা জেল কে ভিতর’সহ বেশ কিছু গান জনপ্রিয়তা পেয়েছিল।
তার গানগুলোতে বন্দুক, সংঘর্ষ, বিলাসবহুল গাড়ি এবং প্রতিশোধ ও প্রতিদ্বন্দ্বিতার মতো বিষয় প্রায়ই উঠে আসত।
কাবাডি খেলোয়াড়ও ছিলেন অঙ্কিত
গায়কের ভাই সাংবাদিকদের জানিয়েছেন, অঙ্কিত ২০১৩-১৪ সাল পর্যন্ত রাজ্য পর্যায়ে কাবাডি খেলতেন। দিল্লি, ভোপালসহ বিভিন্ন জায়গায় প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন তিনি। তবে পায়ে চোট পেয়ে একটি হাড় ভেঙে যাওয়ার পর তাকে কাবাডি ছাড়তে হয়। পরে তিনি জিমে যাওয়া শুরু করেন। প্রায় ২০২২ সাল থেকে হরিয়ানভি সংগীত নিয়ে নিজের আগ্রহকে পেশাগতভাবে এগিয়ে নেওয়া শুরু করেন অঙ্কিত। পরবর্তী সময়ে গায়ক, গীতিকার ও সংগীত পরিচালক হিসেবে ৫০টির বেশি গানে কাজ করেন তিনি।
এদিকে হত্যাকাণ্ডের ঘটনায় জড়িতদের শনাক্ত করতে পুলিশ সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করছে। সামাজিক যোগাযোগমাধ্যমে গোগি গ্যাংয়ের সংশ্লিষ্টতার যে দাবি উঠেছে, সেটিও তদন্ত করে দেখা হচ্ছে।

