img

অস্ট্রেলিয়ার তারকা ব্যাটার স্টিভ স্মিথ টেস্ট ক্রিকেটে সবচেয়ে বেশি ক্যাচ নেওয়ার রেকর্ডে ইংল্যান্ডের জো রুটকে ছুঁয়ে ফেলেছেন। বাংলাদেশের বিপক্ষে ডারউইনে প্রথম টেস্টের দ্বিতীয় দিনে স্মিথ তিনটি ক্যাচ নেন। এই নিয়ে টেস্ট ক্যারিয়ারে তার মোট ক্যাচের সংখ্যা দাঁড়াল ২১৮টি। এতে তিনি রুটের সমান জায়গায় চলে এলেন।

স্মিথ এই মাইলফলকে পৌঁছালেন তার ১২৪তম টেস্ট ম্যাচে। অন্যদিকে রুট ২১৮ ক্যাচের মাইলফলকে পৌঁছেছিলেন ১৬৬ টেস্টে। অর্থাৎ, ক্যাচের সংখ্যা সমান হলেও স্মিথ অনেক কম ম্যাচ খেলে এই জায়গায় পৌঁছেছেন।

যদিও এই রেকর্ডটা আজই একান্ত নিজের করে নিতে পারতেন স্মিথ। তাসকিন আহমেদ বল তুলে দিয়েছিলেন আকাশে। সে লোপ্পা ক্যাচটা নিতে পারেননি তিনি। তার হাত ফসকে বেরিয়ে যায় বলটা। তাই রেকর্ড ছুঁয়েই সন্তুষ্ট থাকতে হচ্ছে স্মিথকে।

এদিকে এই তালিকায় তিন নম্বরে আছেন ভারতের সাবেক অধিনায়ক রাহুল দ্রাবিড়। তার ক্যাচের সংখ্যা ২১০টি। চার নম্বরে আছেন শ্রীলঙ্কার সাবেক অধিনায়ক মাহেলা জয়াবর্ধনে। তিনি ১৪৯ টেস্টে ২০৫টি ক্যাচ নিয়েছেন। পাঁচ নম্বরে আছেন দক্ষিণ আফ্রিকার সাবেক অলরাউন্ডার জ্যাক ক্যালিস। তিনি ১৬৬ টেস্টে নিয়েছেন ২০০টি ক্যাচ।

সবচেয়ে বেশি ক্যাচের রেকর্ড নিয়ে স্মিথ ও রুটের লড়াই এখনো চলবে। বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যে দুই টেস্টের সিরিজের প্রথমটি এখন ডারউইনে চলছে। ওদিকে হেডিংলিতে সিরিজের প্রথম ম্যাচে ইংল্যান্ড খেলবে পাকিস্তানের বিপক্ষে।

এই বিভাগের আরও খবর