img

নব্বইয়ের দশকে বলিউড নির্মাতা রামগোপাল ভার্মা ও অভিনেত্রী ঊর্মিলা মাতন্ডকরের প্রেমের গুঞ্জন বেশ চর্চিত বিষয় ছিল। দীর্ঘ সময় পর পুরোনো সেই সম্পর্ক নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। এক প্রবীণ সাংবাদিক দাবি করেছেন, প্রেমের সম্পর্কে থাকাকালীন এই চর্চিত জুটি নাকি গোপনে বিয়েও করেছিলেন!

ইউটিউবার সিদ্ধার্থ কানন-এর সঙ্গে এক সাক্ষাৎকারে প্রবীণ বলিউড সাংবাদিক জ্যোতি ভেঙ্কটেশ এই চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেন। তিনি জানান, ‘জেন্টলম্যান’ সিনেমার শুটিং সেটে দক্ষিণী মেগাস্টার চিরঞ্জীবীর কাছ থেকে প্রথম তিনি এই খবর পেয়েছিলেন।

চিরঞ্জীবী তাকে বলেছিলেন, জ্যোতি, একজন সাংবাদিক হিসেবে তুমি তো সবকিছু নিয়েই লেখো, তাহলে রামগোপাল ভার্মা ও ঊর্মিলার বিয়ের খবরটি কেন লিখলে না?

এমন খবর শুনে সাংবাদিক অবাক হয়ে চিরঞ্জীবীর কাছে প্রমাণ চান। তখন অভিনেতা তাকে জানান, অন্ধ্র প্রদেশের একটি মন্দিরে তাদের বিয়ে সম্পন্ন হয়েছিল। এমনকি যে পুরোহিত তাদের বিয়ে পড়িয়েছিলেন, চিরঞ্জীবী তার ফোন নম্বরও এই সাংবাদিককে দিয়েছিলেন।

তবে খবরটি পত্রিকায় ছাপানোর আগে নিশ্চিত হওয়ার জন্য ঊর্মিলাকে ফোন করেছিলেন ভেঙ্কটেশ। তার দাবি, খবরটি শোনা মাত্রই এই অভিনেত্রী কেঁদে ফেলেন। তিনি বলেন, আপনি আমাকে নিয়ে এমন কথা কীভাবে লিখতে পারেন! আমি ইন্ডাস্ট্রিতে আসার পর থেকেই তো আপনি আমাকে চেনেন।

সাংবাদিক জানান, এরপর আনুষ্ঠানিক বক্তব্যের জন্য তিনি রামগোপাল ভার্মার সঙ্গেও যোগাযোগের চেষ্টা করেছিলেন। কিন্তু এই নির্মাতা কোনো মন্তব্য করতে রাজি হননি।

রামগোপাল ও ঊর্মিলার বিচ্ছেদের পেছনের কারণও জানিয়েছেন জ্যোতি ভেঙ্কটেশ। তার দাবি অনুযায়ী, ঊর্মিলা আইনিভাবে বিয়ে করতে চেয়েছিলেন, কিন্তু রামগোপাল সেই মুহূর্তে এমন কোনো পদক্ষেপ নিতে প্রস্তুত ছিলেন না। আর এই মতবিরোধ থেকেই শেষ পর্যন্ত তাদের বিচ্ছেদ ঘটে।

উল্লেখ্য, নব্বইয়ের দশক থেকে ২০০০ সালের শুরুর দিক পর্যন্ত এই জুটি একসঙ্গে বেশ কয়েকটি জনপ্রিয় সিনেমায় কাজ করেছেন। এর মধ্যে ‘রঙ্গিলা’, ‘দাউদ’, ‘সত্য’ এবং ‘প্যায়ার তুনে ক্যায়া কিয়া’ উল্লেখযোগ্য।

পেশাগত সফলতার চূড়ান্ত পর্যায়ে থাকাকালীন তাদের সম্পর্কের গুঞ্জন ইন্ডাস্ট্রিতে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। তখনকার কিছু সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছিল, কাজের গণ্ডি পেরিয়ে তাদের সম্পর্ক বহুদূর গড়িয়েছে। এমনকি এই গুঞ্জনের কারণেই রামগোপাল ও তার তৎকালীন স্ত্রী রত্না ভার্মার সম্পর্কে ফাটল ধরেছিল বলেও শোনা যায়।

পরবর্তী সময়ে নিজের আত্মজীবনী ‘গানস অ্যান্ড থাইস: দ্য স্টোরি অব মাই লাইফ’-এ এই অভিনেত্রীর প্রতি নিজের মুগ্ধতার কথা অকপটে স্বীকার করেছেন রামগোপাল ভার্মা। বইটিতে ‘উইমেন ইন মাই লাইফ’ (আমার জীবনের নারীরা) শিরোনামের পুরো একটি অধ্যায় তিনি ঊর্মিলাকে উৎসর্গ করেন। সেখানে তিনি লিখেছিলেন, ঊর্মিলার সৌন্দর্যে তিনি এতটাই বিমোহিত ছিলেন যে, সেই মুগ্ধতা থেকেই তাকে ‘রঙ্গিলা’ সিনেমার প্রধান চরিত্রে অভিনয়ের প্রস্তাব দিয়েছিলেন।

এই বিভাগের আরও খবর