img

তিন দফা দাবিতে এবার রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছেন এইচএসসি পরীক্ষার্থীরা। বুধবার (১৫ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে তারা শাহবাগ মোড়ে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করেন। এতে শাহবাগ মোড় দিয়ে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে আশপাশের সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। চরম ভোগান্তিতে পড়েছেন রোগীবাহী যানবাহনসহ সাধারণ মানুষ।

এর আগে দুপুরে রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি মোড়ে প্রায় আধা ঘণ্টা অবস্থান করে সড়ক অবরোধ করে রাখেন তারা। পরে সেখান থেকে সচিবালয়ের উদ্দেশে লংমার্চ শুরু করেন তারা। মিছিলটি শিক্ষা ভবনের সামনে পৌঁছে সন্ধ্যা প্রায় ৬টা পর্যন্ত অবস্থান কর্মসূচি পালন করেন। 

তবে সচিবালয়ের প্রবেশমুখে পুলিশের ব্যারিকেডের মুখে পড়লে তারা ভেতরে প্রবেশ করতে পারেননি। সচিবালয়ে প্রবেশে বাধা পেয়ে শিক্ষার্থীরা শাহবাগ মোড়ে গিয়ে নতুন করে অবস্থান নেন এবং সড়ক অবরোধ করেন।

এ সময় অবস্থানরত এক শিক্ষার্থী বলেন, আমাদের অনেকের আগামীকাল যেহেতু পরীক্ষা আছে, তাই এখানের কর্মসূচি আমরা আজ শেষ করেছি। তবে আমাদের দাবি-দাওয়া বহাল থাকবে। আমাদের আন্দোলন চলমান থাকবে।

এদিকে শিক্ষার্থীদের অবরোধের কারণে শাহবাগ মোড় দিয়ে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। এর প্রভাব পড়ে শাহবাগ, মৎস্য ভবন, বাংলামোটর, কাকরাইল, টিএসসি, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও আশপাশের গুরুত্বপূর্ণ সড়কগুলোতে। যানজটে আটকা পড়ে দুর্ভোগে পড়েন অফিসফেরত যাত্রী, রোগীবাহী যানবাহনসহ সাধারণ মানুষ। দীর্ঘ সময় যানবাহনে আটকে থাকায় অনেক যাত্রীকে চরম ভোগান্তি পোহাতে দেখা যায়। কেউ কেউ যানজট এড়িয়ে হেঁটে গন্তব্যে যাওয়ার চেষ্টা করেন।

যানজটে ভোগান্তির শিকার শহীন নামের একজন গণমাধ্যমকে বলেন, সকাল থেকে এখন পর্যন্ত পুরো ঢাকায় যানজট। একবার একেক জায়গায় অবরোধ করা হচ্ছে। এটা কোন দেশ? এভাবে দেশ চলতে পারে? সাধারণ মানুষের কষ্ট ছাড়া আর কিছুই না।

উর্মিলা নামের একজন বলেন, এই গরমে বাচ্চা নিয়ে বাসের মধ্যে বসে আছি। কষ্ট কাকে বুঝাব। এভাবে অবরোধ করতে থাকলে সাধারণ মানুষের ভোগান্তি ছাড়া আর কিছুই হবে না। 

এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে শাহবাগ এলাকায় অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।

এই বিভাগের আরও খবর


সর্বশেষ