ভিয়েতনামে নৌকাডুবিতে ১৫ ভারতীয় নিহত
ভিয়েতনামের দক্ষিণাঞ্চলীয় ফু কুওক দ্বীপের কাছে শনিবার (১১ জুলাই) এক ভয়াবহ নৌকাডুবির ঘটনায় অন্তত ১৫ জন ভারতীয় পর্যটকের মৃত্যু হয়েছে। ভিয়েতনামের সংবাদমাধ্যম ভিএনএক্সপ্রেস এই তথ্য জানিয়েছে।
দুর্ঘটনার সময় নৌকাটিতে মোট ৩৬ জন আরোহী ছিলেন, যার মধ্যে ৩২ জন ভারতীয় পর্যটক, তিনজন ক্রু সদস্য এবং একজন পরিচারক ছিলেন। ভয়াবহ এই দুর্ঘটনা থেকে ২১ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে।
স্থানীয় প্রশাসন জানিয়েছে, নৌকাটি হন মে রুট দ্বীপ থেকে আন থোই বন্দরের দিকে যাওয়ার সময় উপকূল থেকে প্রায় ৪০০ মিটার দূরে সাগরে উল্টে যায়। দুর্ঘটনার সময় ওই অঞ্চলের সমুদ্র অত্যন্ত উত্তাল ছিল এবং সেখানে বিশাল বিশাল ঢেউ আছড়ে পড়ছিল, যা এই নৌকাডুবির প্রধান কারণ বলে ধারণা করা হচ্ছে। নিখোঁজদের সন্ধানে স্থানীয় প্রশাসন এখনো উদ্ধার অভিযান অব্যাহত রেখেছে।
ভিয়েতনামে নিযুক্ত ভারতীয় দূতাবাস এই মর্মান্তিক ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে এবং পুরো পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। ক্ষতিগ্রস্ত ও দুর্গত পরিবারগুলোকে সহায়তা প্রদানের জন্য দূতাবাস ইতোমধ্যেই হো চি মিন সিটি এবং হ্যানয়ে জরুরি রেসপন্স সেন্টার স্থাপন করেছে।
এক বিবৃতিতে ভারতীয় দূতাবাস জানিয়েছে, স্থানীয় কর্তৃপক্ষের সহায়তায় তল্লাশি ও উদ্ধার অভিযান চলছে এবং দুর্ঘটনার প্রকৃত কারণ ও বিস্তারিত তথ্য খতিয়ে দেখা হচ্ছে। সাম্প্রতিক বছরগুলোতে ভিয়েতনামের বৃহত্তম দ্বীপ ফু কুওক ভারতীয় পর্যটকদের কাছে অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র হয়ে উঠেছে, যার মাঝেই এই দুঃখজনক দুর্ঘটনাটি ঘটল।

