img

বিশ্বকাপের নকআউট পর্বে কেপ ভার্দের বিপক্ষে জয় পেলেও স্বস্তিতে নেই আর্জেন্টিনা। তুলনামূলক দুর্বল প্রতিপক্ষের বিপক্ষে প্রত্যাশার চেয়ে অনেক বেশি লড়াই করতে হওয়ায় দলটির একাধিক দুর্বলতা স্পষ্ট হয়ে উঠেছে। আর সেই কারণেই শেষ ষোলোর পরবর্তী ম্যাচে মিশরের বিপক্ষে একাদশে একাধিক পরিবর্তন আনতে পারেন কোচ লিওনেল স্কালোনি।

টানা দ্বিতীয়বার বিশ্বকাপ জয়ের লক্ষ্য নিয়ে টুর্নামেন্টে নামা আর্জেন্টিনা শুরুতে দারুণ ছন্দে থাকলেও কেপ ভার্দের বিপক্ষে ম্যাচে সেই ধারাবাহিকতা ধরে রাখতে পারেনি। প্রতিপক্ষ তাদের রক্ষণ ও মাঝমাঠের কিছু দুর্বলতা কাজে লাগিয়ে কঠিন চ্যালেঞ্জ ছুড়ে দেয়। ফলে কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ের আগে দলকে আরও ভারসাম্যপূর্ণ করতে চাইছেন স্কালোনি।

সবচেয়ে বড় পরিবর্তন দেখা যেতে পারে আক্রমণভাগে। এবারের বিশ্বকাপে বাম প্রান্তে নিয়মিত সুযোগ পেয়ে আসা থিয়াগো আলমাদা কেপ ভার্দের বিপক্ষে নিজের সেরাটা দেখাতে পারেননি। বিপরীতে বদলি হিসেবে নেমে নিকো গনসালেস প্রাণবন্ত পারফরম্যান্স উপহার দেন। তাই মিশরের বিপক্ষে শুরুর একাদশে আলমাদার পরিবর্তে নিকো গনসালেসকে দেখা যেতে পারে।

রক্ষণভাগেও পরিবর্তনের আভাস রয়েছে। বাম উইং-ব্যাক পজিশনে নিকোলাস তালিয়াফিকোকে খেলানোর পরিকল্পনা করছে কোচিং স্টাফ। পাশাপাশি মাঝমাঠে রদ্রিগো দে পলের সাম্প্রতিক পারফরম্যান্সও প্রত্যাশা পূরণ করতে পারেনি। বল নিয়ন্ত্রণ ও খেলার গতি তৈরিতে তিনি খুব একটা কার্যকর না হওয়ায় তার জায়গায় লিয়ান্দ্রো পারেদেসকে সুযোগ দেওয়ার সম্ভাবনা রয়েছে।

কেপ ভার্দের বিপক্ষে আর্জেন্টিনার রক্ষণভাগও ছিল বেশ নড়বড়ে। মাত্র পাঁচ লাখ জনসংখ্যার একটি দেশের বিপক্ষে ম্যাচটি অতিরিক্ত সময় পর্যন্ত গড়ানো দলটির জন্য সতর্কবার্তা হয়ে এসেছে। প্রতিপক্ষ যেভাবে আর্জেন্টিনাকে চাপে রেখেছিল, তাতে পরবর্তী পর্বে আরও শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে একই ধরনের পারফরম্যান্স বড় বিপদের কারণ হতে পারে।

সে কারণেই মিশরের বিপক্ষে মাঠে নামার আগে দলীয় ছন্দ ফিরিয়ে আনতে এবং দুর্বলতা কাটিয়ে উঠতে একাদশ ও কৌশলে পরিবর্তনের পথে হাঁটতে পারেন লিওনেল স্কালোনি।

এই বিভাগের আরও খবর