img

একসময়ের ঢালিউডের আলোচিত অভিনেত্রী সাহারা এখন আর কোথাও নেই। বিনোদন জগত থেকে হারিয়ে গেছেন তিনি। এখন আর কোথাও দেখা মেলে না অভিনেত্রীর। বর্তমানে চলচ্চিত্রাঙ্গন থেকে সম্পূর্ণ আড়ালে চলে গেছেন তিনি। আজ তার জন্মদিন। ১৯৯০ সালের ১৯ জুন ঢাকায় জন্মগ্রহণ করেন নুরজাহান আক্তার রুনা ওরফে সাহারা।

২০০৪ সালে শাহাদাত হোসেন লিটন পরিচালিত ‘রুখে দাঁড়াও’ সিনেমার মাধ্যমে রুপালি পর্দায় অভিষেক হয় সাহারার। প্রথম সিনেমাটি ব্যবসায়িকভাবে সাফল্য না পেলেও খোলামেলা উপস্থাপনার কারণে বেশ আলোচনা-সমালোচনা হয়। তবে প্রথম ধাক্কাতেই দমে যাননি অভিনেত্রী। পরের সিনেমা ‘ভাড়াটে খুনি’-তে নিজেকে আরও সাহসী ও আকর্ষণীয় লুকে পর্দায় হাজির হন সাহারা। 

দুর্ভাগ্যবশত দ্বিতীয় সিনেমাটিও মুখ থুবড়ে পড়ে। ক্যারিয়ারের শুরুতেই পরপর দুটি সিনেমা ফ্লপ হওয়ায় অভিনেত্রী নিজের ক্যারিয়ার নিয়ে নতুন করে ভাবতে শুরু করেন। পরবর্তী সময়ে শাকিব খানের সঙ্গে জুটি বেঁধে 'প্রিয়া আমার প্রিয়া' সিনেমার মাধ্যমে তিনি দারুণ জনপ্রিয়তা পান। 

এবার ‘বিষাক্ত চোখ’ নামে একটি বড় বাজেটের সিনেমায় অভিনয়ের সুযোগ পান সাহারা। এ সিনেমায় রুবেল ও রিয়াজের সঙ্গে জুটি বেঁধে কাজ করেন তিনি। ক্যারিয়ারের প্রথম বড় বাজেটের এ সিনেমায় নিজের সেরাটা উজাড় করে দেন সাহারা। এ সিনেমায় রুবেলের সঙ্গে ‘হায় রে হায়’ গানে তার গ্ল্যামারাস ও সাহসী পোশাকের উপস্থিতি ঢালিউডে রীতিমতো ঝড় তোলে।  

এরপর একের পর এক সিনেমায় কাজ পেতে থাকেন তিনি। শুটিংয়ের ব্যস্ততা বাড়ে। প্রায় ৫০টি সফল সিনেমায় অভিনয় করেন সাহারা। ক্যারিয়ারের এ সুবর্ণ সময়ে ‘ঢাকা টু বোম্বে’ সিনেমার প্রযোজক মাহবুবুর রহমান মনির সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন অভিনেত্রী। মনির বাড়ি ঢাকার ধামরাইয়ে। দুই পরিবারের দ্বিমত থাকায় দীর্ঘ তিন বছর প্রেম করার পর অবশেষে ২০১৫ সালের জুলাইয়ে তারা বিয়ের পিঁড়িতে বসেন।

পরে তৎকালীন অ্যাকশন হিরো আলেকজান্ডার বোর সঙ্গে জুটি বাঁধেন সাহারা। এ জুটির ‘অর্ডার’, ‘লাকি সেভেন’ ও ‘ড্যাম কেয়ার’ সিনেমার মতো অ্যাকশন ঘরানার সিনেমাগুলো দর্শক মহলে দারুণ সাড়া ফেলে দেয়। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি সাহারাকে। বিশেষ করে ‘অর্ডার’ সিনেমার ‘চন্দ্রিমা’ গানটিতে আলেকজান্ডারের সঙ্গে সাহারার তোয়ালে পরা সাহসী উপস্থিতি আলোচনার কেন্দ্রবিন্দুতে নিয়ে আসে।

কিন্তু বিয়ের পর পূর্বপরিকল্পনা অনুযায়ীই বিনোদন জগত থেকে হারিয়ে যান সাহারা। স্বামী ও সংসার নিয়ে ব্যস্ত হয়ে পড়েন অভিনেত্রী। লাইট-ক্যামেরার আলোর ঝলকানি ছেড়ে সংসারী হয়ে পড়েন তিনি। সাহারাকে এখন আর কোনো রুপালি পর্দা কাঁপিয়ে দর্শক মাতাতে দেখা যায় না। কোনো অনুষ্ঠান কিংবা তারকাদের আড্ডায় দেখা যায় না। লোকচক্ষুর আড়ালেই আছেন দর্শকমনে। 

এই বিভাগের আরও খবর