যুদ্ধাবস্থা ফুটবলের শান্তি ও আনন্দের বার্তা নষ্ট করে: ইরান অধিনায়ক
যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান রাজনৈতিক উত্তেজনা এবং একাধিক ভিসা জটিলতার কারণে বেশ চাপে রয়েছে ইরান জাতীয় ফুটবল দল। মঙ্গলবার সকালে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে তাদের বিশ্বকাপ যাত্রা শুরু হওয়ার কথা।
টুর্নামেন্ট শুরুর আগে সংবাদ সম্মেলনে অধিনায়ক মেহদি তারেমি স্বীকার করেন, এবারের আসরে আগের মতো স্বাভাবিক বা আনন্দময় পরিবেশ নেই, বরং মানসিক চাপ তৈরি হয়েছে।
পরিস্থিতির কারণে ইরান শুরুতে যুক্তরাষ্ট্রের অ্যারিজোনায় নির্ধারিত প্রস্তুতি ক্যাম্প বাতিল করে। পরে তারা বাধ্য হয়ে মেক্সিকোর টিজুয়ানায় অনুশীলন ক্যাম্প স্থানান্তর করে। সেখান থেকে ম্যাচের আগের দিন প্রায় পাঁচ ঘণ্টার ভ্রমণ শেষে দলটি লস অ্যাঞ্জেলেসে পৌঁছায়। ম্যাচ শেষ করেই আবার মেক্সিকোতে ফিরে যেতে হবে তাদের। একই সঙ্গে দলের অফিসিয়াল ও মিডিয়া কর্মীদের মার্কিন ভিসা না পাওয়া এবং টিকিট সংক্রান্ত সমস্যাও বড় চাপ তৈরি করেছে।
এসব নিয়ে হতাশা প্রকাশ করে ৩৩ বছর বয়সী তারেমি বলেন, ‘যুক্তরাষ্ট্রে পা রাখার প্রথম মুহূর্ত থেকেই আমরা একটা মানসিক চাপ অনুভব করছি। যেকোনো টুর্নামেন্টে যখন এমন যুদ্ধাবস্থা ও উত্তেজনা থাকে, তখন ফুটবল যে শান্তি ও আনন্দের বার্তা দেয়, তা হারিয়ে যায়। শুধু আমরা নই, আরও বেশ কয়েকটি দেশ ভিসা ও ক্যাম্প নিয়ে সমস্যায় পড়েছে। ফলে বিশ্বকাপের যে চিরচেনা আনন্দঘন আমেজ থাকে, এবার মানুষ সেই অনুভূতি পাচ্ছে না।’
দলের কোচ বলেন, ‘ফুটবল হলো সংস্কৃতি ও জাতিগুলোকে এক সুতোয় বাঁধার মাধ্যম। অথচ এই পরিস্থিতি আমাদের খেলার কৌশলে নেতিবাচক প্রভাব ফেলছে। তবে আমরা বাধা বিপত্তিকে সুযোগে রূপান্তর করতে অভ্যস্ত।’
ম্যাচটি অনুষ্ঠিত হবে লস অ্যাঞ্জেলেসের সোফাই স্টেডিয়ামে, যেখানে বড় ইরানি প্রবাসী সম্প্রদায় রয়েছে। ফলে গ্যালারিতে সমর্থন বিভক্ত হওয়ার সম্ভাবনা আছে—এমনকি কিছু প্রবাসী রাজনৈতিক কারণে নিউজিল্যান্ডের পক্ষেও অবস্থান নিতে পারেন।
তবে এসব নিয়ে খুব বেশি উদ্বিগ্ন নন অধিনায়ক তারেমি। তিনি স্পষ্ট করে বলেন,
‘আমরা কোনো রাজনীতির মধ্যে নেই, এখানে স্রেফ ফুটবল খেলতে এসেছি। আমরা দেশ বা বিদেশের প্রতিটি ইরানির জন্য খেলি। মানুষের ভিন্ন মত থাকতেই পারে, তবে আমাদের লক্ষ্য ফুটবলের মাধ্যমে সবাইকে এক করা।’
গ্রুপ ‘জি’-তে ইরানের সূচি অনুযায়ী প্রথম ম্যাচ নিউজিল্যান্ডের বিপক্ষে, এরপর ২১ জুন দিবাগত রাত ১টায় বেলজিয়ামের বিপক্ষে এবং ২৭ জুন সকাল ৯টায় মিশরের বিপক্ষে শেষ ম্যাচ খেলবে তারা।

