ভারতে একই পরিবারের ৪ সদস্যের আত্মহত্যা
ভারতের মহারাষ্ট্রের ওয়াশিম জেলার মালেগাঁও তালুকের তিভলি গ্রামে একই পরিবারের চার সদস্যের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতদের মধ্যে একজন নারী ও দুই শিশু রয়েছে। ধারনা করা হচ্ছে, তারা সবাই আত্মহত্যা করেছেন।
রোববার (১৪ জুন) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
পুলিশ জানিয়েছে, পরিবারের পুরুষ সদস্যের মরদেহ গলায় ফাঁস দেওয়া অবস্থায় পাওয়া যায়। পরে তার স্ত্রী, ছেলে ও মেয়ের মরদেহ একটি কূপ থেকে উদ্ধার করা হয়।
শিরপুর থানার উপ-পরিদর্শক ইমরান পাঠান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে প্রাথমিক তদন্ত শুরু করে।
তিনি বলেন, ‘প্রায় বিকেল সাড়ে ৪টার দিকে আমাদের কাছে তথ্য আসে যে তিভলি গ্রামে একজন ব্যক্তি গলায় ফাঁস দিয়েছেন এবং তার স্ত্রী ও দুই সন্তান কূপে ঝাঁপ দিয়েছেন। এরপর পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক তদন্ত করে।’
তিনি আরও জানান, চারটি মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত এখনো সম্পন্ন হয়নি; আগামীকাল ময়নাতদন্ত করা হবে। এরপরই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
ঘটনার তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।

