প্রকল্প বাস্তবায়নে গতি বাড়ানোর নির্দেশ এলজিইডির মন্ত্রীর।
এলজিইডির অধীনে বিভিন্ন প্রকল্প বাস্তবায়নে গতি বাড়ানোর নির্দেশ দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সচিবালয়ে মঙ্গলবার (১২ মে) স্থানীয় সরকার বিভাগের সভাকক্ষে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) ২০২৫-২৬ অর্থবছরের এডিপিভুক্ত প্রকল্পগুলোর বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা সভায় এ নির্দেশনা দেন তিনি।
বিএনপির মিডিয়া সেলের ফেসবুক পেজে এ তথ্য প্রকাশ করা হয়েছে।
সভায় বিভিন্ন প্রকল্পের বাস্তবায়ন অগ্রগতি, কাজের গুণগত মান, ব্যয় ব্যবস্থাপনা এবং নির্ধারিত সময়সীমার মধ্যে প্রকল্প সম্পন্ন করার বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
প্রকল্প বাস্তবায়ন কার্যক্রমে গতি বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করে মির্জা ফখরুল বলেন, জনগণের প্রত্যাশা পূরণে উন্নয়ন প্রকল্পগুলো নির্ধারিত সময়ের মধ্যেই সম্পন্ন করতে হবে।
মন্ত্রী আরও বলেন, জনগণের কষ্টার্জিত অর্থের সঠিক ও স্বচ্ছ ব্যবস্থাপনার মাধ্যমে জনকল্যাণমুখী ও টেকসই প্রকল্প গ্রহণ করতে হবে।
উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে যেন সাধারণ মানুষ সরাসরি উপকৃত হয়, সে বিষয়েও তিনি সংশ্লিষ্টদের নির্দেশনা দেন।
স্থানীয় সরকার বিভাগের সচিব মো. শহীদুল হাসানের সভাপতিত্বে মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং এলজিইডির অধীনে চলমান বিভিন্ন উন্নয়ন প্রকল্পের পরিচালকরা সশরীরে ও ভার্চুয়ালি সভায় অংশ নেন।

