img

পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে নিরঙ্কুশ পেয়ে সরকার গঠন করেছে বিজেপি। তৃণমূল কংগ্রেসকে পরাজিত করে শনিবার (৯ মে) শপথগ্রহণ করেন বিজেপির নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নতুন মুখ্যমন্ত্রীকে সম্মান আর শুভেচ্ছা জানাতেই আমন্ত্রণে সাড়া দিয়েছিলেন টালিউড অভিনেতা-প্রযোজক জিৎ। এ নিয়ে সামাজিক মাধ্যমে নেটিজেনদের রোষানলে পড়েন অভিনেতা।

শপথগ্রহণ অনুষ্ঠানে সাদা পাঞ্জাবি-চোস্ত আর গেরুয়া উত্তরীয় পরে গিয়েছিলেন এ অভিনেতা-প্রযোজক। তিনি অনুষ্ঠানমঞ্চে পা রাখতেই সাড়া পড়ে যায়। কখনো কোনো রাজনৈতিক দলের প্রচারে যোগ না দেওয়া ‘অরাজনৈতিক’ তারকা কেন রাজনৈতিক মঞ্চে? নেটিজেনদের মাঝে এমন কৌতূহল চরমে ওঠে।

এবার সেই সমালোচনার জবাব দিলেন জিৎ। একটি গণমাধ্যমের এমন প্রশ্নে সহকারীর মারফত অভিনেতা জিৎ এক লিখিত বার্তা পাঠিয়ে দেন। সেখানে স্পষ্ট করেন তার রাজনৈতিক অবস্থান।

তিনি বলেন, জয়ী দল এবং নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তার শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকার আমন্ত্রণ জানিয়েছিলেন। তাকে সম্মান জানিয়ে সেই আমন্ত্রণ গ্রহণ করেছি। সেই সঙ্গে তাকে শুভেচ্ছা জানাতে অনুষ্ঠানে যোগ দিয়েছি।

এর আগে ভোটের দিন ভোট দিয়ে বেরিয়ে আসার থেকে জল্পনা শুরু— রাজনৈতিক পালাবদল ঘটেছে। সেই সময় সামাজিক মাধ্যমে জিৎ স্বাগত জানিয়েছেন বিজেপি সরকারকে। রবীন্দ্রজয়ন্তীর দিন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন পদ্ম শিবিরের জয়ী প্রার্থী শুভেন্দু অধিকারী। অভিনেতা উপস্থিত সেই অনুষ্ঠানে। ব্যস, জল্পনা তীব্র। ‘অরাজনৈতিক’ তারকা কি অবশেষে রাজনীতির মঞ্চে?

সেই  প্রশ্নের উত্তরও জিৎ দিয়েছেন। তিনি মনে করিয়ে দিয়ে বলেন, এর আগে ২০১১ সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ্যমন্ত্রী হিসেবে শপথগ্রহণ অনুষ্ঠানেও উপস্থিত ছিলেন তিনি। আগের মুখ্যমন্ত্রীও তাকে সমাদরে আমন্ত্রণ জানিয়েছিলেন। এ অবস্থান থেকেই জিতের আন্তরিক অনুরোধ— তার এ উপস্থিতিতে রাজনৈতিক রঙ না দিলেই খুশি হবেন। কারণ আজও তিনি কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নন।

এই বিভাগের আরও খবর