img

মানুষ সাধারণত জান্নাতকে চূড়ান্ত সফলতা মনে করে— যেখানে পৌঁছালে আর কোনো আক্ষেপ থাকবে না। কিন্তু ভাবতে অবাক লাগে— জান্নাতে পৌঁছেও কিছু মানুষ আফসোস করবে! কিসের জন্য সেই আফসোস? হারানো সুযোগের জন্য— যে সুযোগ ছিল দুনিয়ায়, অথচ আমরা গুরুত্ব দিইনি।

কিয়ামতের দিন যখন নেক আমলের প্রকৃত মূল্য উন্মোচিত হবে, তখন মানুষ বুঝতে পারবে—সবচেয়ে সহজ অথচ সবচেয়ে বেশি সওয়াবের আমল ছিল আল্লাহর জিকির। তখন অনেকেই বলবে—

‘আহা! জিকির করা তো কত সহজ ছিল, অথচ আমরা তা অবহেলা করেছি...’ (আল-ওয়াবিলুস সাইয়্যিব ১১)

এই উপলব্ধি হবে এক গভীর অনুতাপ— কারণ সামান্য সময়, সামান্য শব্দ দিয়েই অর্জন করা যেত অসীম প্রতিদান।

জিকির— সহজ আমল, অশেষ প্রতিদান

জিকির এমন একটি ইবাদত, যা করতে কোনো বিশেষ সময়, স্থান বা কষ্টের প্রয়োজন নেই। হাঁটতে হাঁটতে, বসে, শুয়ে— যেকোনো অবস্থায় আল্লাহকে স্মরণ করা যায়। কিন্তু এই সহজ কাজটিই আমরা সবচেয়ে বেশি অবহেলা করি। তাই আর অবহেলা নয়, আসুন— আল্লাহর জিকিরে নিজেদের জবানকে সিক্ত করি। অশেষ প্রতিদান লাভ করি—

> سُبْحَانَ اللّٰهِ 

উচ্চারণ: ‘সুবহানাল্লাহ’

অর্থ: ‘আল্লাহ পবিত্র, তিনি সব ত্রুটি ও অপূর্ণতা থেকে মুক্ত।’

> الْحَمْدُ لِلّٰهِ 

উচ্চারণ: ‘আলহামদুলিল্লাহ’

অর্থ: ‘সকল প্রশংসা একমাত্র আল্লাহর জন্য।’

> اللّٰهُ أَكْبَرُ 

উচ্চারণ: ‘আল্লাহু আকবার’

অর্থ: ‘আল্লাহ সর্বশ্রেষ্ঠ, তিনি সবকিছুর ঊর্ধ্বে।’

> لَا إِلٰهَ إِلَّا اللّٰهُ 

উচ্চারণ: ‘লা ইলাহা ইল্লাল্লাহ’

অর্থ: ‘আল্লাহ ছাড়া কোনো সত্য ইলাহ নেই।’

> أَسْتَغْفِرُ اللّٰهَ 

উচ্চারণ: ‘আস্তাগফিরুল্লাহ’

অর্থ: ‘আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছি।’

কেন আজই জিকির শুরু করবেন?

একটু চিন্তা করুন— দিনে কত সময় আমরা অপ্রয়োজনীয় কথা, চিন্তা বা মোবাইলে ব্যয় করি! অথচ সেই সময়ের সামান্য অংশও যদি জিকিরে ব্যয় করতাম, আমাদের আমলনামা প্রতিদানের নূরে ভরে যেত। তাছাড়া এই জিকির হৃদয়কে জীবিত করে, মনকে প্রশান্ত করে এবং আল্লাহর নৈকট্য এনে দেয়। এটি এমন এক সম্পদ, যা মৃত্যুর পরও কাজে আসবে।

জীবন খুব ছোট আর সুযোগগুলো খুব মূল্যবান। জান্নাতে গিয়ে আফসোস করার আগেই যদি আমরা সচেতন হই— তাহলেই সফলতা। আজ থেকেই শুরু হোক আমাদের জিকিরের অভ্যাস—হাঁটতে হাঁটতে, কাজের ফাঁকে, নিঃশব্দে কিংবা উচ্চারণে। হয়তো এই ছোট ছোট জিকিরই একদিন আমাদের জন্য জান্নাতের উচ্চ মর্যাদা অর্জনের কারণ হবে। আল্লাহ আমাদের সবাইকে বেশি বেশি তার জিকির করার তৌফিক দান করুন—আমিন।

এই বিভাগের আরও খবর