‘পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র সক্ষমতা রক্ষায় অটল থাকবে ইরান’
ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি বলেছেন, পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র সক্ষমতাকে জাতীয় সম্পদ হিসেবে রক্ষা করবে ইরান। একই সঙ্গে তেহরান উপসাগরীয় অঞ্চলকে সুরক্ষিত রাখবে।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) খামেনির লিখিত বক্তব্যে এই বার্তা দেন। এটি এমন সময়ে আসল যখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এসব ইস্যুতে একটি চুক্তি করার চেষ্টা করছেন।
মোজতবা লিখিত বিবৃতিতে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে পড়ে শোনানো হয়। ২৮ ফেব্রুয়ারির বিমান হামলায় তার ৮৬ বছর বয়সী বাবা আলি খামেরি নিহত হওয়ার পর থেকেই তিনি এভাবে বক্তব্য দিয়ে আসছেন।
ইরানের সঙ্গে গত ২৮শে ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র-ইসরাইলের যুদ্ধ শুরু হওয়ার পর থেকে পারস্য উপসাগর ও হরমুজ প্রণালিতে একটি নতুন অধ্যায় রচিত হচ্ছে বলে মন্তব্য করেছেন ইরানের সর্বোচ্চ নেতা।
পার্সিয়ান গালফ ডে বা পারস্য উপসাগরীয় দিবস উপলক্ষ্যে বৃহস্পতিবার প্রকাশিত এক লিখিত বার্তায় তিনি বলেছেন, তেহরান ‘নৌপথের শত্রুকে’ নির্মূল করবে এবং উপসাগরীয় অঞ্চলকে সুরক্ষিত করবে।
হরমুজ প্রণালিতে নতুন বিধি-বিধান ও ব্যবস্থাপনা শান্তি ও অগ্রগতির পাশাপাশি সকল উপসাগরীয় রাষ্ট্রের জন্য ‘অর্থনৈতিক সুবিধাও’ বয়ে আনবে বলে মোজতবা খামেনির বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

