img

প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় সংসদ ভবন পরিদর্শনে আসা নিজের প্রাক্তন কলেজের শিক্ষার্থীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিকালে ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের শিক্ষার্থীরা সংসদ অধিবেশন পরিদর্শন করতে আসেন।

প্রধানমন্ত্রী তারেক রহমান এ সময় তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। ৬ষ্ঠ থেকে একাদশ শ্রেণি পর্যন্ত বিভিন্ন শ্রেণির প্রায় দেড় শতাধিক শিক্ষার্থী জাতীয় সংসদ পরিদর্শনে আসেন।

সংসদ ভবনের শপথ কক্ষে শিক্ষার্থীরা আসন গ্রহণ করেন। এ সময় সংসদ ভবনের স্থাপত্যশৈলী এবং আইন প্রণয়ন সম্পর্কে তাদেরকে একটি সংক্ষিপ্ত উপস্থাপনা পরিবেশন করা হয়।

এ সময় প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান বলেন, ‘আমি রেসিডেন্সিয়াল কলেজের শিক্ষার্থী ছিলাম এবং আমার ভাই আরাফাত রহমান কোকোও এই স্কুলের শিক্ষার্থী ছিল।’

প্রধানমন্ত্রী এ সময় দেশ বিনির্মাণে শিক্ষার্থীদের উত্তরোত্তর সফলতা কামনা করেন। এরপর তিনি উপস্থিত ছাত্র ও শিক্ষকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং ছবি তোলেন। শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলনও এ সময় উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, শিশুদেরকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে এবং আইন প্রণয়ন সম্পর্কে ধারণা দিতে শিক্ষামন্ত্রী সংসদে শিশুদের জন্য বরাদ্দকৃত ৫০টি সিটসহ মোট ১৫০টি সিট বরাদ্দ করতে জাতীয় সংসদের স্পিকারকে পত্র প্রদান করেন। এরই ধারাবাহিকতায় শিক্ষার্থীরা নিয়মিত সংসদ পরিদর্শন করছেন।

প্রধানমন্ত্রী তারেক রহমান যেহেতু আজ (বৃহস্পতিবার) সংসদে ভাষণ দেবেন, এ উপলক্ষে শিক্ষামন্ত্রীর মাধ্যমে প্রধানমন্ত্রী তার প্রাক্তন কলেজ রেসিডেন্সিয়াল মডেল কলেজের শিক্ষার্থীদের সংসদে আমন্ত্রণ জানান।

এই বিভাগের আরও খবর