জেডি ভ্যান্সের পাকিস্তান সফর বাতিল
যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার দ্বিতীয় দফায় পাকিস্তানে যাওয়ার কথা ছিল যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের। তবে হোয়াইট হাউস নিশ্চিত করেছে যে, তিনি আপাতত আর পাকিস্তানে যাচ্ছেন না।
হোয়াইট হাউসের একজন কর্মকর্তা বলেন, ‘আজকের পাকিস্তান সফরটি আর হচ্ছে না। ভবিষ্যতে কোনো সরাসরি বৈঠকের বিষয়ে হোয়াইট হাউস পরবর্তী আপডেট দেবে।’
এ সফরে ভ্যান্সের নেতৃত্বে একটি মার্কিন প্রতিনিধি দলের ইসলামাবাদে ইরানি প্রতিনিধিদের সঙ্গে সরাসরি আলোচনা করার কথা ছিল। হোয়াইট হাউসের মতে, ইরান এখনো একটি সুসংহত ও ঐক্যবদ্ধ প্রস্তাব উপস্থাপন করেনি—এই অবস্থার কারণেই সফরটি স্থগিত করা হলো।
সফরের নতুন কোনো তারিখ এখনো ঘোষণা করা হয়নি।
ইসলামাবাদে এই মাসের শুরুতে অনুষ্ঠিত প্রথম দফা উচ্চপর্যায়ের আলোচনার পর প্রস্তাবিত বৈঠকটি হওয়ার কথা ছিল। সেই আলোচনা কোনো সমাধান ছাড়াই শেষ হওয়ায় কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত থাকে।

