মৌলভীবাজার-হবিগঞ্জে বিএনপির প্রার্থী সাবেক প্রতিমন্ত্রী কন্যা জহরত
ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের (মৌলভীবাজার-হবিগঞ্জ) নির্বাচনে বিএনপি ও জোটের মহিলা এমপি মনোনীত হয়েছেন মৌলভীবাজারের বড়লেখার বিএনপি নেত্রী ব্যারিস্টার জহরত আদিব চৌধুরী।
তিনি বড়লেখা ও জুড়ী উপজেলার রূপকার সাবেক প্রতিমন্ত্রী, চারবারের সাবেক সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাবেক সদস্য মরহুম অ্যাডভোকেট এবাদুর রহমান চৌধুরীর মেয়ে।
এছাড়াও তিনি বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উপদেষ্টা সাবেক সচিব ব্যারিস্টার মো. হায়দার আলীর পুত্রবধূ। নবনির্বাচিত সংসদ সদস্য ব্যারিস্টার জহরত আদিব চৌধুরী বাংলাদেশ সুপ্রিম কোর্টের ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মুহাম্মদ জিসান হায়দারের স্ত্রী।
এদিকে বড়লেখার বিএনপি নেত্রী মৌলভীবাজার-হবিগঞ্জ সংরক্ষিত মহিলা আসনে সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী ছাড়াও সাধারণ জনসাধারণের মধ্যে আনন্দের বন্যা বইছে। বিশেষ করে দীর্ঘদিন ঝিমিয়ে থাকা সাবেক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট এবাদুর রহমান চৌধুরীর অনুসারীদের মধ্যে প্রাণচাঞ্চল্য দেখা দিয়েছে।

