img

বলিউড অভিনেত্রী কল্কি কেকলা বর্তমানে জমিয়ে সংসার করছেন। কিন্তু একটা সময় তার জীবন সুখের ছিল না। একটি সম্পর্ক ভেঙে যাওয়ায় শুধু মন নয়, শরীরও খারাপ হয়েছিল বলে জানিয়েছেন তিনি। সম্প্রতি সোহা আলি খানের পডকাস্টে সেই অভিজ্ঞতা শেয়ার কর নেন অভিনেত্রী।

কল্কি কেকলা বলেন, সম্পর্ক ভেঙে যাওয়ার পর অনেক দিন ঘুমাতে পারেননি তিনি। রাতে দুই চোখের পাতা এক করতে পারতেন না। এতে তার মানসিক ও শারীরিক স্বাস্থ্যে খারাপ প্রভাব পড়েছিল। 

কয়েক মাস ধরে অনিদ্রায় ভুগছিলেন বলে জানিয়েছেন কল্কি কেকলা। এ অভিনেত্রী বলেন, মন ভাঙার পর কয়েক মাস ঘুমাতে পারিনি। তখন বুঝতে পেরেছিলাম— মন আর শরীর একে অপরের সঙ্গে খুব গভীরভাবে যুক্ত। বুঝেছিলাম মানসিকের সঙ্গে শারীরিক যন্ত্রণাও রয়েছে।

সেই সময়ের কথা বলতে গিয়ে কল্কি কেকলা বলেন, রাতগুলো খুব অস্থির হয়ে উঠেছিল। রাত ২টা-৩টার সময় ঘুম ভেঙে যেত। আর ঘুমাতে পারতাম না। তখন আমি উঠে গিটার বাজাতাম কিংবা কিছু একটা করতাম। কারণ আমার ঘুমই আসত না।

তিনি বলেন, নিজেকে ব্যস্ত রাখতে তিনি ছোট ছোট কাজ করতেন ঠিকই; কিন্তু ঠিকমতো না ঘুমানোর কারণে তার দৈনন্দিন জীবন ও কাজেও প্রভাব পড়ে। অভিনেত্রী বলেন, যেদিন কাজ থাকত, আমি বুঝতেই পারতাম না, আমি জেগে আছি না কি স্বপ্ন দেখছি। খুব বিভ্রান্ত লাগত। প্রায় চার মাস এমন চলেছিল।

উল্লেখ্য, বিখ্যাত ফরাসি বংশোদ্ভূত ভারতীয় অভিনেত্রী ও লেখিকা কল্কি কেকলা এর আগে পরিচালক অনুরাগ কাশ্যপকে বিয়ে করেছিলেন। পরে তাদের বিচ্ছেদ হয়ে যায়। এখন তিনি তার সঙ্গী গাই হার্শবার্গের সঙ্গে একত্রবাস করেন। এ দম্পতির ঘরে একটি কন্যা আছে, যার নাম 'স্যাফো'। 

এই বিভাগের আরও খবর