img

বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান প্রায় পঞ্চাশ বছর আগে দেশে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় খাল খনন কর্মসূচি গ্রহণ করেছিলেন। তিনি দাবি করেন, তারই ধারাবাহিকতায় বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের মানুষের সুবিধার কথা বিবেচনা করে খাল খনন কার্যক্রমকে নতুন করে গুরুত্ব দিচ্ছেন।

শনিবার (১৮ এপ্রিল) দুপুরে নাটোর সদর উপজেলার হালসা ইউনিয়নের পান মোকামে হেলেঞ্চা খালের পুনঃখনন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

দুলু বলেন, দেশের মানুষ প্রধানত কৃষির ওপর নির্ভরশীল এবং কৃষিই অর্থনীতির মূল ভিত্তি। কৃষক বাঁচলেই দেশ বাঁচবে। এক সময় এ দেশের মাটিতে বছরে মাত্র একটি ফসল উৎপাদন হতো, কিন্তু বর্তমানে তিনটি ফসল উৎপাদন সম্ভব হচ্ছে- যা তিনি জিয়াউর রহমানের অবদান হিসেবে উল্লেখ করেন।

তিনি আরও বলেন, বর্তমানে দেশে খরার সময় পানির অভাব দেখা দেয়। ফারাক্কা ও তিস্তা ইস্যুতে পানির সংকট প্রকট হয়ে ওঠে। এ অবস্থা থেকে উত্তরণে খাল খনন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। খাল পুনঃখননের মাধ্যমে পানি সংরক্ষণ করা সম্ভব হবে, যা কৃষি উৎপাদন বৃদ্ধিতে সহায়ক হবে এবং কৃষকের জীবনমান উন্নত করবে।

নাটোরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আরিফ হোসেনের সভাপতিত্বে ও সহকারী কমিশনার ভূমি ফরহাদ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আরিফ আদনান, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শাহিন, সাইফুল ইসলাম আফতাব, সাবেক যুগ্ম আহবায়ক ফরহাদ আলী দেওয়ান শাহিন, নাটোর পৌরসভার সাবেক মেয়র এমদাদুল হক আল মামুন, নাটোর জেলা বিএনপির সদস্য নাসিম উদ্দিন নাসিম ও সদর থানা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ রফিকুল ইসলাম প্রমুখ।

এই বিভাগের আরও খবর