না ফেরার দেশে মালয়ালম অভিনেতা
দীর্ঘ দুই বছর মরণব্যাধি ক্যানসারে আক্রান্ত ছিলেন মালয়ালম টেলিভিশনের পরিচিত মুখ সিদ্ধার্থ ভেণুগোপাল। শনিবার (১৮ এপ্রিল) তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল মাত্র ৪১ বছর।
তার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন অভিনেত্রী ও তার ঘনিষ্ঠ বন্ধু সীমা জি. নায়ার।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক আবেগঘন বার্তায় সীমা লিখেছেন, সিদ্ধার্থ দীর্ঘ যন্ত্রণার অবসান ঘটিয়ে অবশেষে এক ‘বেদনাহীন পৃথিবীতে’ পাড়ি জমিয়েছেন।
ত্রিশুরের বাসিন্দা সিদ্ধার্থ ভেণুগোপাল মালয়ালম টেলিভিশন জগতের এক জনপ্রিয় নাম ছিলেন। বিশেষ করে ‘কস্তুরীমান’ এবং ‘ভাগ্যজাতকম’-এর মতো জনপ্রিয় ধারাবাহিকে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করে তিনি দর্শকদের মনে জায়গা করে নিয়েছিলেন।
কিন্তু শেষ পর্যন্ত ক্যানসারের কাছে হার মানতে হলো তাকে। সিদ্ধার্থের চিকিৎসার পথটি ছিল অত্যন্ত ব্যয়বহুল এবং কষ্টসাধ্য। তার এ দীর্ঘ লড়াইয়ে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন বিনোদন জগতের সহকর্মীরা। তার চিকিৎসার খরচ জোগাতে এবং রক্তের প্রয়োজনে তারা বিভিন্ন সময় তহবিল সংগ্রহ ও রক্তদান কার্যক্রমের আয়োজন করেছিলেন।
ভারতের কেরালা রাজ্যের ত্রিশুর জেলার চালাকুড়িতে জন্ম নেন সিদ্ধার্থ ভেণুগোপাল। অভিনয়ের প্রতি তার আগ্রহ তৈরি হয়েছিল কলেজজীবন থেকেই। ক্যারিয়ারের শুরুতে তিনি উপস্থাপক হিসেবে কাজ করলেও পরবর্তীতে একাধিক জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করে দর্শকপ্রিয়তা পান। মৃত্যুকালে মা ও ছোট ভাইসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন এই অভিনেতা।

