‘সালমান আমাকে সাহায্য করে থাকতেই পারে’
অভিনেত্রী ডেইজি শাহ ভাইজানখ্যাত অভিনেতা সালমান খানের হাত ধরেই বলিউডে পা রেখেছিলেন। ‘জয় হো’ সিনেমায় সালমানের বিপরীতে অভিনয় করে রাতারাতি আলোচনায় উঠে আসেন তিনি। তবে সেই শুরুর পর থেকেই একটি প্রশ্ন তাড়া করে বেড়াচ্ছে তাকে, তার সাফল্যের সবটুকুই কি সালমানের অবদান ছিল? এমন প্রশ্নের উত্তরে দীর্ঘদিন নীরব ছিলেন অভিনেত্রী। এবার সেই নীরবতা ভেঙে সমালোচকদের জবাব দিলেন অভিনেত্রী ডেইজি শাহ। সম্প্রতি এক সাক্ষাৎকারে তার ক্যারিয়ার ও ব্যক্তিগত জীবন নিয়ে খোলামেলা কথা বলেছেন ডেইজি শাহ। তিনি বলেন, সালমান যদি আমাকে সাহায্য করে থাকে, তাতে প্রশ্নের কী আছে?
ডেইজি শাহ বলেন, কোনো নারী সফল হলেই তার পেছনে প্রভাবশালী কোনো পুরুষের হাত খোঁজা সমাজের একটি দীর্ঘদিনের ব্যাধি। অনেকেই মনে করেন, কোনো নারী যদি বড় কিছু অর্জন করেন, তবে তার পেছনে নিশ্চয়ই কোনো প্রভাবশালী ব্যক্তির হাত রয়েছে। এ ধারণাটা আসলে সমাজের দৃষ্টিভঙ্গির সমস্যা।
তিনি বলেন, শুধু কারও সাহায্যের ওপর ভিত্তি করে একজনের সাফল্যকে বিচার করা ঠিক নয়। সালমান তাকে বড়পর্দায় সুযোগ করে দিলেও নিজের মেধা ও পরিশ্রম দিয়েই তাকে টিকে থাকতে হয়েছে।
অভিনেত্রী বলেন, সিনেমাটি মুক্তির সময় ভারতের রাজনৈতিক পরিস্থিতি প্রচারে নেতিবাচক প্রভাব ফেলেছিল। তিনি বলেন, দর্শক ভুলবশত মনে করেছিল সিনেমাটির সঙ্গে কোনো রাজনৈতিক পক্ষপাত জড়িত আছে, যা সত্য ছিল না। এমনকি ‘পেইড পিআর’-এর মাধ্যমে সুপরিকল্পিতভাবে সিনেমাটিকে নেতিবাচকভাবে উপস্থাপন করা হয়েছিল বলেও দাবি করেন ডেইজি শাহ।

