কারাগার থেকে বার কাউন্সিল নির্বাচন করতে চান ব্যারিস্টার সুমন, সুযোগ চেয়ে রিট
বিভিন্ন মামলায় কারাগারে রয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। কারাগারে থেকেই বাংলাদেশ বার কাউন্সিল নির্বাচনে অংশ নিতে চান তিনি। এর জন্য অনুমতি চেয়ে হাইকোর্টে রিট করেছেন তিনি।
বুধবার (১৫ এপ্রিল) ব্যারিস্টার সুমনের পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মো. লিটন আহমেদ এ রিট করেন।
রিটে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়, বাংলাদেশ বার কাউন্সিল এবং ঢাকা জেলা প্রশাসককে বিবাদী করা হয়েছে। রিটে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তাকে মৌলিক অধিকার লঙ্ঘন হিসেবে উল্লেখ করা হয়েছে।
এর আগে ঢাকার জেলা প্রশাসক বরাবর ১৯ মে অনুষ্ঠিতব্য বাংলাদেশ বার কাউন্সিল নির্বাচন ফরমে স্বাক্ষর প্রদানের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আবেদন করা হয়।
আবেদনে বলা হয়, ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন আগামী ১৯ মে অনুষ্ঠিতব্য ‘বাংলাদেশ বার কাউন্সিল নির্বাচন-২০২৬’-এ প্রতিদ্বন্দ্বিতা করতে ইচ্ছুক। এ নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের উদ্দেশ্যে বাংলাদেশ বার কাউন্সিলের নির্ধারিত ফরমে প্রার্থী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনের (বাবা- সৈয়দ আরশেদ আলী) স্বাক্ষর প্রয়োজন।
ব্যারিস্টার সুমন যেন আসন্ন বার কাউন্সিল নির্বাচনের ফরমে স্বাক্ষর প্রদান করতে পারেন, সে লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করলে কৃতজ্ঞ থাকব।
এ আবেদনে সাড়া না দেওয়ায় আজ হাইকোর্টে রিট করা হয়েছে বলে জানান আইনজীবী।

