img

বলিউড অভিনেত্রী শিল্পা শেঠি ১৯৯৩ সালে ‘বাজিগর’ সিনেমায় শাহরুখ খান ও কাজলের সঙ্গে অভিনয় করে জনপ্রিয় হন। এরপর আর পেছন ফিরে তাকাতে হয়নি তাকে। একের পর এক অভিনয়ের প্রস্তাব পেতে থাকেন তিনি। ধীরে ধীরে নিজেকে প্রতিষ্ঠিত করেন একজন অন্যতম নির্ভরযোগ্য অভিনেত্রী হিসেবে। সম্প্রতি  ‘টুমরো, টুডে শো’র অনুষ্ঠানে এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানিয়েছেন তার কঠোর পরিশ্রম আর সাফল্যগাথা দিনের কথা। 

কঠোর পরিশ্রমই সাফল্যের চাবিকাঠি— সেই অভিজ্ঞতা শেয়ার করেন শিল্পা শেঠি। সেই ঘটনার স্মৃতি তুলে ধরে অভিনেত্রী বলেন, একবার শুটিং চলাকালে গুরুতরভাবে পিঠ পুড়ে গিয়েছিল তার। আমার মনে আছে, একটি শটে এইচএমআই লাইটে আমার পিঠ পুড়ে গিয়েছিল। তিনি বলেন, শট অনুযায়ী, আমাকে ফ্রেমের বাইরে যেতে হয়েছিল এবং পেছনে থাকা আলোটা আমার গায়ে লেগেছিল। পুড়ে যাওয়ার মুহূর্তে সেটা বোঝা যায় না, পরে যখন জ্বালা শুরু হয়, তখন বুঝতে পারি।

অভিনেত্রী বলেন, পরদিনও আমি শুটিংয়ে হাজির হই। পোশাক পরার কথা ছিল, কিন্তু পিঠে পোড়ার জন্য সেটা পরতে পারিনি। তাই সামনে থেকে ড্রেসটা পরে থ্রেড দিয়ে সেলাই করে নিতে বলেছিলাম, যাতে চেন লাগাতে না হয়। আমি জীবনে এতটাই কঠোর পরিশ্রম করেছি, যাতে আমার কারণে অন্য কারও ক্ষতি না হয়।

শিল্পা শেঠি বলেন, আমি কাজ পেয়েছি। কারণ মানুষ আমার কঠোর পরিশ্রম দেখেছেন। পরিস্থিতি যাই হোক না কেন, আমি আমার কাজ ডেলিভারি করেছি এবং আমি উপস্থিত থেকেছি। তার এ বক্তব্যেই পরিষ্কার ক্যারিয়ারের শুরু থেকে তিনি পেশাদারত্বকে কতটা গুরুত্ব দিয়েছেন।

উল্লেখ্য সম্প্রতি শিল্পা শেঠিকে দেখা গেছে রোহিত শেঠির ‘ইন্ডিয়ান পুলিশ ফোর্স’ সিনেমায়। মুক্তির অপেক্ষায় রয়েছে কন্নড় সিনেমা ‘কেডি: দ্য ডেভিল’। এ সিনেমায় তার সঙ্গে অভিনয় করছেন সঞ্জয় দত্তসহ একঝাঁক তারকা।

এই বিভাগের আরও খবর