বর্তমান তেলের দাম দেখে আনন্দ করুন: ইরানের স্পিকার
পাকিস্তানে শান্তি আলোচনায় নেতৃত্ব দেওয়া ইরানি স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ বলেছেন, বর্তমান তেলের দাম দেখে আনন্দ করুন।
এক্সে দেওয়া এক পোস্টে যুক্তরাষ্ট্রের সিদ্ধান্তকে উপহাস করে তিনি এসব কথা লিখেছেন।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেছেন, পাকিস্তানে শান্তি আলোচনার সময় দুই পক্ষই চুক্তির ‘একদম কাছাকাছি’ ছিল। কিন্তু তেহরানকে যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ চাপ, বারবার লক্ষ্য পরিবর্তন এবং অবরোধের সম্মুখীন হতে হয়েছে।
এই তথাকথিত ‘অবরোধের’ কারণে শিগগির আপনারা চার বা পাঁচ ডলারে গ্যাস পাওয়ার দিনগুলোর কথা ভেবে নস্টালজিক হয়ে পড়বেন বলেও জানান গালিবাফ।
এর আগে ইরানি গণমাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে গালিবফ বলেন, ইরান কোনো হুমকির কাছে আত্মসমর্পণ করবে না। দেশটির নৌবাহিনী জানিয়েছে, দেশটির জলপথের দিকে এগিয়ে আসা যে কোনো সামরিক জাহাজের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
সম্প্রতি ইরানের ওপর যুক্তরাষ্ট্র নৌ অবরোধের ঘোষণা দেওয়ার পর তেলের দাম ব্যারেলপ্রতি ১০৩ ডলার ছাড়িয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের ওপর নতুন করে এই অবরোধের ঘোষণা দিয়েছেন।
আন্তর্জাতিক বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুডের দাম রোববার ৮ শতাংশের বেশি বেড়ে ব্যারেলপ্রতি ১০৩ ডলার ছাড়িয়ে গেছে। যুক্তরাষ্ট্র এবং ইরানি কর্মকর্তাদের মধ্যে যুদ্ধবিরতি আলোচনা ব্যর্থ হওয়ার পর ট্রাম্প রোববার ঘোষণা করেন যে, মার্কিন নৌবাহিনী হরমুজ প্রণালিতে সব ধরনের জাহাজের প্রবেশ বা প্রস্থান আটকে দেবে।
ছয় সপ্তাহেরও বেশি সময় ধরে চলা যুদ্ধের পর ব্রেন্ট তেলের দাম ব্যারেলপ্রতি ১১৯ ডলার ছাড়িয়ে যায়। তবে যুক্তরাষ্ট্র ও ইরান দুই সপ্তাহের যুদ্ধবিরতি ঘোষণা করলে গত সপ্তাহে তা ৯২ ডলারের নিচে নেমে আসে।

