img

ব্যাংক ও পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে দলীয় বিবেচনায় নিয়োগকে ‘দুর্ভাগ্যজনক’ বলে মন্তব্য করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য রুমিন ফারহানা। 

মঙ্গলবার সংসদ অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি বলেন, দক্ষিণ এশিয়ার দেশগুলোতে কেন্দ্রীয় ব্যাংক ও বিশ্ববিদ্যালয়গুলোতে প্রিন্সটন বা ক্যালিফোর্নিয়ার মতো সেরা বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডিধারী অভিজ্ঞ ব্যক্তিরা নিয়োগ পান। অথচ আমাদের দেশে নিয়োগ পাচ্ছেন রাজনৈতিক বিবেচনায়।

নতুন সরকারের আমলে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ও বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্য নিয়োগের সমালোচনা করে রুমিন ফারহানা বলেন, ‘বাংলাদেশে নতুন সরকার গঠনের পর কেন্দ্রীয় ব্যাংকে নিয়োগ পেয়েছেন বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির সদস্য এবং একটি সোয়েটার কারখানার এমডি। একই ঘটনা আমরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগের ক্ষেত্রেও দেখেছি। সবগুলো বিশ্ববিদ্যালয়ে দলীয় ভিসি-প্রোভিসি নিয়োগ দেওয়া হয়েছে।’

রুমিন ফারহানা আরও বলেন, ‘দল করা দোষের কিছু নয়, কিন্তু দল না করলে যদি নিয়োগ না হয়, তবে সেটা দুর্ভাগ্যজনক।’

রাষ্ট্রপতির ভাষণের একটি অংশের প্রসঙ্গ টেনে এই সংসদ সদস্য বলেন, ‘রাষ্ট্রপতির ভাষণে উঠে এসেছে অলিগার্কিক কাঠামো ভেঙে বিনিয়োগনির্ভর কাঠামো তৈরি করার কথা। আমি আশা করব, আগামীতে সালমানের জায়গায় সাইফুল এসে বসবে না।’

ত্রয়োদশ জাতীয় নির্বাচনে বিএনপি থেকে মনোনয়ন না পাওয়ার প্রসঙ্গে রুমিন ফারহানা বলেন, ‘আমাকে মনোনয়ন না দেওয়ার জন্য বিএনপিকে ধন্যবাদ। তা না হলে আমি বুঝতে পারতাম না, টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত লাখ লাখ মানুষ আমাকে এতটা ভালোবাসে।’

এই বিভাগের আরও খবর