২০২৭ সালের মধ্যে ৫৯ হাসপাতালে ডায়ালাইসিস সেবা চালুর পরিকল্পনা
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন জানিয়েছেন, দেশের সরকারি হাসপাতালগুলোতে ডায়ালাইসিস সেবা সম্প্রসারণে বড় উদ্যোগ নিয়েছে সরকার। আগামী ২০২৭ সালের মধ্যে ৫৯ হাসপাতালে ডায়ালাইসিস সেবা চালুর পরিকল্পনা রয়েছে।
মঙ্গলবার সংসদে ঢাকা-১৮ আসনের সরকারি দলের সদস্য এস. এম. জাহাঙ্গীর হোসেনের টেবিলে উপস্থাপিত লিখিত প্রশ্নের জবাবে এ কথা জানান।
মন্ত্রী বলেন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের আওতায় ‘মেডিকেল কলেজ হাসপাতালসমূহে বিদ্যমান কিডনি ডায়ালাইসিস সেন্টার ৫০ শয্যায় উন্নীতকরণ এবং জেলা সদর হাসপাতালসমূহে ১০ শয্যার কিডনি ডায়ালাইসিস সেন্টার স্থাপন (১ম সংশোধিত)’ শীর্ষক একটি প্রকল্প বাস্তবায়নাধীন রয়েছে।
প্রকল্পের আওতায় বর্তমানে দেশের ১৫টি মেডিকেল কলেজ হাসপাতাল এবং ৪৪টি জেলা সদর হাসপাতালে অবকাঠামো উন্নয়ন, চিকিৎসা যন্ত্রপাতি সরবরাহ ও ক্রয় কার্যক্রম চলমান রয়েছে।
তিনি জানান, প্রকল্পটি সম্পন্ন হলে কিডনি রোগে আক্রান্ত রোগীরা বিভাগীয় ও জেলা পর্যায়ে স্বল্পমূল্যে ডায়ালাইসিস সেবা নিতে পারবেন, যা চিকিৎসা সেবাকে আরও সহজলভ্য করবে।
মন্ত্রী আরও বলেন, ২০২৭ সালের ডিসেম্বরের মধ্যে প্রকল্পটির কাজ সম্পন্ন হওয়ার আশা করা হচ্ছে। প্রকল্প বাস্তবায়িত হলে স্থানীয় জনগণ সরাসরি এটির সুফল ভোগ করবে।

