img

নবীন নির্মাতা তানিম নূরের ঈদে মুক্তিপ্রাপ্ত তারকাবহুল সিনেমা ‘বনলতা এক্সপ্রেস’ বর্তমানে ব্যাপক আলোচনার কেন্দ্রবিন্দু। মুক্তির পর থেকেই দর্শক ও সমালোচকদের প্রশংসা কুড়াচ্ছে সিনেমাটি। জানা গেছে, নব্বই দশকের জনপ্রিয় অভিনেত্রী বিপাশা হায়াতও এই সিনেমায় অভিনয়ের প্রস্তাব পেয়েছিলেন, কিন্তু বিশেষ কারণে তা নিতে রাজি হননি।

সম্প্রতি এক পডকাস্টে বিপাশা হায়াত বিষয়টি নিয়ে খোলাসা করেছেন। তিনি জানান, নির্মাতা তানিম নূর নিজেই তাকে ফোন করে একটি চরিত্রের জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন।

বিপাশা হায়াত বলেন, যতটুকু শুনেছি, বনলতা এক্সপ্রেস খুবই ভালো হয়েছে। সিনেমাটি এখনও দেখিনি। তবে আমি সবসময় এমন কাজ করতে চাই যেখানে আমি শারীরিকভাবে পরিশ্রম করতে পারি। সেখানে আমার সেই পরিশ্রমের সুযোগ কম থাকায় আমি কাজটি গ্রহণ করি নি।’

তিনি আরও বলেন, ‘আমি শুধু সেই ধরনের কাজের অপেক্ষায় আছি যেখানে শারীরিক ও মানসিকভাবে দুটো দিকেই ঘাম ঝরানোর সুযোগ থাকবে।’

অন্যদিকে, তানিম নূরের ‘বনলতা এক্সপ্রেস’ দেশের প্রেক্ষাগৃহে সাফল্য দেখানোর পর এবার আন্তর্জাতিক মঞ্চেও মুক্তি পেয়েছে। ৩ এপ্রিল থেকে এটি উত্তর আমেরিকা ও ইউরোপের অর্ধশতাধিক প্রেক্ষাগৃহে প্রবাসী দর্শকদের জন্য প্রদর্শিত হচ্ছে।

সিনেমায় অভিনয় করেছেন মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী, শরীফুল রাজ, সাবিলা নূর, শ্যামল মওলা, জাকিয়া বারী মম ও আজমেরী হক বাঁধনসহ আরও অনেক তারকা। সংশ্লিষ্টদের আশা, ব্যবসায়িক দিক থেকে সিনেমাটি নির্মাতার আগের ব্যবসা সফল সিনেমা ‘উৎসব’-এর রেকর্ডও ছাড়িয়ে যাবে।

এই বিভাগের আরও খবর


সর্বশেষ