এবার ইরানকে অকথ্য ভাষায় হুমকি দিলেন ট্রাম্প
ইরানের অবকাঠামো লক্ষ্য করে নতুন করে ভয়াবহ হামলার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক পোস্টে তিনি অত্যন্ত কুরুচিপূর্ণ ও আক্রমণাত্মক ভাষা ব্যবহার করে ইরানকে অবিলম্বে হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল স্বাভাবিক করার আলটিমেটাম দিয়েছেন।
ট্রাম্প তার পোস্টে সরাসরি হুঁশিয়ারি দিয়ে বলেন, আগামী মঙ্গলবার (৭ এপ্রিল) ইরানে ‘পাওয়ার প্ল্যান্ট ডে’ (বিদ্যুৎকেন্দ্র দিবস) এবং ‘ব্রিজ ডে’ (সেতু দিবস) একসঙ্গে পালিত হবে, যা আগে কখনো দেখা যায়নি। তিনি ইরানি কর্তৃপক্ষকে গালাগাল করে অবিলম্বে হরমুজ প্রণালি উন্মুক্ত করার দাবি জানান। অন্যথায় ইরানকে ‘নরকে’ পরিণত করার হুমকি দিয়ে ট্রাম্প লেখেন, এখনই নরকের ওই প্রণালি খুলে দাও, নয়তো তোমাদের জীবনকে নরক বানিয়ে দেব—শুধু চেয়ে চেয়ে দেখ!
উসকানিমূলক এ বার্তার শেষে তিনি বিদ্রূপাত্মকভাবে ‘আলহামদুলিল্লাহ’ শব্দটিও যুক্ত করেন। মূলত হরমুজ প্রণালিতে ইরানের অবরোধের ফলে বিশ্বজুড়ে জ্বালানি ও বাণিজ্যিক জাহাজ চলাচল থমকে যাওয়ায় ট্রাম্প এ চরম কঠোর অবস্থান নিয়েছেন। কূটনৈতিক আলোচনার সমান্তরালে ট্রাম্পের এমন সরাসরি সামরিক ও ধ্বংসাত্মক হুমকি মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনাকে এক নজিরবিহীন ও বিপজ্জনক পর্যায়ে নিয়ে গেছে।

