img

২০২৭ ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার সুযোগ এখনো তৈরি হয়নি বাংলাদেশ দলের। চলতি বছরে বেশ কয়েকটি সিরিজ রয়েছে টাইগারদের সামনে। তবে এসব নিয়ে এখনই ভাবতে নারাজ বিসিবির ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুল। 

সংবাদমাধ্যমকে জাতীয় দলের ব্যাটিং কোচ আশরাফুল বলেন, আমাদের প্রধান কোচ ফিল সিমন্স ইতোমধ্যে পাকিস্তান সিরিজের আগে সংবাদ সম্মেলনে বলেছেন যে, তিনি একদমই চিন্তিত নন কোয়ালিফাই নিয়ে। আমাদের এখন চিন্তা আসলে ২০২৭ বিশ্বকাপ নিয়ে। আমরা কীভাবে আইসিসি টুর্নামেন্টে সেরা ক্রিকেট খেলতে পারি এবং শিরোপা জিততে পারি। অবশ্যই আমাদের নিজেদের মাঠে যতগুলো সিরিজ হবে সবগুলোতে জিততে চাইব।

ঢাকা লিগ নিয়ে আশরাফুল বলেন, অবশ্যই খারাপ লাগছে যে এখানে কিন্তু বোর্ডের কোনো হাত নেই। বোর্ড কিন্তু সবকিছু প্রস্তুত করে রেখেছে-তারা মাঠ প্রস্তুত রেখেছে, আম্পায়ার প্রস্তুত রেখেছে, বল প্রস্তুত রেখেছে, সবকিছুই ঠিক আছে। কিন্তু ক্লাব যদি না খেলতে চায় ঐখানে কিন্তু বোর্ডের কিছু করার থাকে না।

আশরাফুল আরও বলেন, আমি মনে করি যে আমাদের ক্রিকেট বোর্ডের যে আটটা বিভাগ আছে, তাদের নিয়ে যদি চার দিনের ম্যাচ, ওয়ানডে ম্যাচ এবং ২০ ওভারের ম্যাচ-এই ফরম্যাটগুলো চালু করে যে তাদের অধীনে সবকিছু হবে। তাদের অধীনে অনূর্ধ্ব-১৯, অনূর্ধ্ব-১৭, অনূর্ধ্ব-১৬-১৩, এইভাবে যদি আপনি করতে পারেন তখন কিন্তু ক্লাব যদি না খেলতে চায়, তখন অন্তত খেলোয়াড়রা খেলার মাঠে থাকবে।

তিনি বলেন, শুধু ক্লাবগুলো এসে দল গঠন করবে, ঐ দেড় মাস খেলবে-তা না হয়ে যেন ১২ মাস খেলার পদ্ধতি থাকে, যেটা অন্য দেশগুলোতে হয়, সেভাবে চালু করতে হবে। সবকিছু মাত্র শুরু হয়েছে, আপনাকে সময় দিতে হবে। নতুন বোর্ডকেও আপনার সময় দিতে হবে। উনারা এসেছেন মাত্র চার-পাঁচ মাস হয়েছে। একটার পর একটা ঝামেলা যাচ্ছে। তো আমার মনে হয় যে সবাইকে সময় দিতে হবে এবং সবার সৎ চিন্তা থাকতে হবে।

এই বিভাগের আরও খবর