img

সামাজিক যোগাযোগ মাধ্যমে মন্তব্যের কারণে নাসিম শাহকে দুই বছরের নিষেধাজ্ঞা দেওয়ার সুপারিশ করা হয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত শুধু জরিমানা দিয়ে বিষয়টি সমাধান হয়েছে। পাকিস্তানের সাবেক ক্রিকেটার বাসিত আলি এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নাকভির হস্তক্ষেপে পাকিস্তানের এই পেসারকে কঠোর শাস্তি থেকে রক্ষা করা হয়েছে।

পিসিবি জানিয়েছে, নাসিমকে কেন্দ্রীয় চুক্তি এবং সামাজিক মাধ্যম ব্যবহারের নীতিমালা লঙ্ঘনের কারণে দুই কোটি পাকিস্তানি রুপি (৭২ হাজার মার্কিন ডলার) জরিমানা করা হয়েছে। এটি পাকিস্তান ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে বড় আর্থিক জরিমানা হিসেবে বিবেচিত হচ্ছে।

বাসিত আলি জানিয়েছেন, ‘নাসিম শাহ খুবই ভাগ্যবান। কমিটি তাকে দুই বছরের জন্য নিষিদ্ধ করার সুপারিশ করেছিল, কিন্তু চেয়ারম্যান মহসিন নাকভি শুধুই জরিমানা করার নির্দেশ দিয়েছেন। তিনি বলেছেন, খেলোয়াড়ের ক্যারিয়ারের সঙ্গে খেলাধুলা করা উচিত নয়।’

ঘটনার পটভূমি হচ্ছে চলমান পাকিস্তান সুপার লিগের (পিএসএল) উদ্বোধনী ম্যাচ। পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মারিয়াম লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে আসার ছবি নাসিম সামাজিক মাধ্যমে পোস্ট করেন, যেখানে তিনি প্রশ্ন তুলেছিলেন কেন তাকে অত্যধিক সম্মান দেওয়া হচ্ছে। কিছু সময়ের মধ্যে পোস্টটি মুছে ফেলা হয় এবং নাসিম দাবি করেন তার অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছিল।

পিসিবি এই ব্যাখ্যাকে গ্রহণ না করে নাসিমকে কারণ দর্শানোর নোটিশ দেয়। পরে ডিসিপ্লিনারি কমিটি তার বিরুদ্ধে চুক্তি লঙ্ঘনের প্রমাণ পান এবং জরিমানা ধার্য করেন।

বাসিত আলি খেলোয়াড়দের ম্যানেজারের ওপর সব কিছু ছেড়ে না দিয়ে নিজেদেরই চুক্তির শর্তাবলি পড়ার পরামর্শ দিয়েছেন। তিনি বলেন, যদি খেলোয়াড়রা নিজেই নিয়মগুলো পড়ত, তাহলে তারা আরও ভালোভাবে বুঝতে পারত।

এই বিভাগের আরও খবর