পারমাণবিক চুক্তি থেকে বেরিয়ে যাওয়ার কথা ভাবছে ইরান
ইরান পারমাণবিক অস্ত্র বিস্তার বিরোধী চুক্তি বা এনপিটি থেকে বের হওয়ার সম্ভাবনা পর্যালোচনা করছে। দেশটির পার্লামেন্টে এই বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে।
বিষয়টি বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাগায়ি। তবে একই সঙ্গে তিনি জোর দিয়ে বলেছেন, তেহরান পারমাণবিক অস্ত্র চায়নি এবং চাইবেও না।
এনপিটি সদস্য রাষ্ট্রগুলোকে পারমাণবিক শক্তি গবেষণা, উৎপাদন ও ব্যবহারের অধিকার দেয়, তবে সেটা হতে হবে শান্তিপূর্ণ ব্যবহার। পারমাণবিক অস্ত্র তৈরির অনুমতি নেই।
তবে এখন সে চুক্তি থেকে বেরিয়ে আসার কথা ভাবছে ইরান। ইসমাইল বাগায়ি প্রশ্ন রাখলেন, ‘এমন একটি চুক্তিতে যোগ দেওয়ার সুবিধা কী, যেখানে আন্তর্জাতিক স্তরে দাদাগিরি করা পক্ষগুলো শুধু আমাদের চুক্তির অধিকার উপভোগ করতে দেয় না, উলটো আমাদের পারমাণবিক স্থাপনায় হামলাও করে?’
তবে তিনি যোগ করেছেন, ইরান যতদিন সদস্য থাকবে ততদিন চুক্তির বিধিনিষেধ মেনে চলবে। এই চুক্তি থেকে বেরিয়ে গেলে কী হবে, তা নিয়ে কোনো ধারনা দেননি তিনি।
গত জুনে ১২ দিনের যুদ্ধে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা করার পরেও ইরানি আইনপ্রণেতারা এনপিটি ছাড়ার সম্ভাবনা তুলেছিলেন। এবার সে আলোচনা আবারও শুরু হয়েছে দেশটির পার্লামেন্টে।

