img

২০২৫ সাল থেকেই আলাদা থাকতে শুরু করেছিলেন হলিউডের অন্যতম আলোচিত ও জনপ্রিয় দম্পতি নিকোল কিডম্যান ও কেইথ আরবান। প্রায় দুই দশক একসঙ্গে থাকার পর অবশেষে তাদের পথ আলাদা হয়ে গেছে। ২০২৬ সালের জানুয়ারিতে আনুষ্ঠানিকভাবে তাদের বিচ্ছেদ চূড়ান্ত হয়। ১৯ বছরের দাম্পত্য জীবনের পর এ বিচ্ছেদের খবর ভক্ত-অনুরাগীদের কাছে ছিল বেশ অপ্রত্যাশিত।

ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, দীর্ঘদিনের কিছু মতপার্থক্যই শেষ পর্যন্ত বিচ্ছেদের কারণ হয়ে দাঁড়িয়েছিল। যদিও প্রকাশ্যে তারা সবসময় একে অপরের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা প্রকাশ করেছেন। তাই হঠাৎ বিচ্ছেদের খবর অনেকের কাছেই বিস্ময়ের মতো মনে হয়েছে। যদিও এ বিচ্ছেদের পর তাদের সম্পর্ক পুরোপুরি তিক্ত হয়ে যায়নি। বরং দুজনেই সন্তানদের ভবিষ্যতের কথা ভেবে যৌথভাবে অভিভাবকত্বের সিদ্ধান্ত নিয়েছেন। 

আদালতের সিদ্ধান্ত অনুযায়ী, তারা দুজনেই সন্তানদের দেখাশোনা করবেন এবং এমন পরিবেশ নিশ্চিত করবেন, যাতে সন্তানরা ভালোবাসা, স্থিতিশীলতা ও নিরাপত্তা অনুভব করতে পারে। এ ছাড়া তাদের মধ্যে কোনো ভরণপোষণ-সংক্রান্ত জটিলতাও নেই বলে জানা গেছে। বরং তারা শান্তিপূর্ণভাবে বিচ্ছেদের প্রক্রিয়া সম্পন্ন করেছেন।

এদিকে বিচ্ছেদের পর থেকে এ দুই তারকাকে আর একসঙ্গে দেখা যায়নি। তবু অনেকের মতে, পারিবারিক দায়িত্ব ও সন্তানদের ভবিষ্যতের কথা ভেবে তারা পরস্পরের প্রতি সম্মান এবং সহযোগিতার সম্পর্ক বজায় রাখবেন।

বিচ্ছেদের পর প্রথমবারের মতো নিজের অনুভূতির কথা জানিয়েছেন নিকোল কিডম্যান। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেন, গত বছরটি তার জীবনের জন্য সহজ ছিল না। তবে তিনি এখনো আশাবাদী এবং সামনে এগিয়ে যেতে চান ইতিবাচক দৃষ্টিভঙ্গি নিয়ে। স্বামীর সঙ্গে দীর্ঘদিনের সম্পর্কের পর বিচ্ছেদ— কেমন আছেন। এর উত্তরে নিকোল কিডম্যান বলেন, তিনি ভালো থাকার চেষ্টা করছেন এবং সবসময় ভালো কিছুর দিকেই এগিয়ে যেতে চান।

তিনি আরও বলেন, আমি সব সময় ভালো কিছুর দিকে এগিয়ে যেতে চাই। আমার জীবনে সবচেয়ে বড় বিষয় হলো— আমার পরিবার। আমি কৃতজ্ঞ যে, আমরা পরিবার হিসাবে একসঙ্গে আছি এবং সেই বন্ধন ধরে রেখেই সামনে এগিয়ে যেতে চাই।

দুই মেয়ে সানডে রোজ এবং ফেইথ মার্গারেট— এ মুহূর্তে তার জীবনের সবচেয়ে বড় শক্তি বলেও জানান নিকোল কিডম্যান। সন্তানদের নিয়ে কথা বলতে গিয়ে অভিনেত্রী বলেন, তার মেয়েরা এখন দ্রুত বড় হয়ে উঠছে এবং তাদের জীবনের নতুন নতুন অধ্যায় শুরু হচ্ছে।

 তিনি আরও বলেন, পরিবারের বিষয়গুলো নিয়ে তিনি খুব বেশি প্রকাশ্যে আলোচনা করতে চান না। কারণ ব্যক্তিগত সম্পর্কের ক্ষেত্রে পারস্পরিক সম্মান বজায় রাখা খুবই গুরুত্বপূর্ণ।

গত বছরের অভিজ্ঞতার কথা বলতে গিয়ে এ অভিনেত্রী স্বীকার করেন, সেই সময় তিনি অনেকটা নীরব ছিলেন।  তিনি বলেন, গত বছরটা আমার জন্য অন্যরকম ছিল। আমি অনেকটাই চুপ ছিলাম। আমার জীবনে অনেক কিছু চলছিল। মনে হচ্ছিল যেন আমি নিজের খোলসের ভেতরে আছি।

এই বিভাগের আরও খবর


সর্বশেষ