অস্কারের মঞ্চে সেরা পরিচালক পল থমাস অ্যান্ডারসন
হলিউডের মর্যাদাপূর্ণ পুরস্কার অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস-এর ৯৮তম আসরে সেরা পরিচালকের অস্কার জিতেছেন পল থমাস অ্যান্ডারসন। তিনি এই পুরস্কার পেয়েছেন ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’ চলচ্চিত্রের জন্য।
স্থানীয় সময় রোববার (১৫ মার্চ) অনুষ্ঠিত অস্কারের এবারের আসরে এটি অ্যান্ডারসনের দ্বিতীয় অস্কার। এর আগে একই সন্ধ্যায় তিনি সেরা অ্যাডাপ্টেড চিত্রনাট্যের পুরস্কারও জিতেছেন। তবে সেরা পরিচালকের বিভাগে এবারই প্রথম অস্কার পেলেন তিনি।
এর আগে তিনি সেরা পরিচালকের বিভাগে তিনবার মনোনয়ন পেয়েছিলেন—দেয়ার উইল বি ব্লাড, ফ্যান্টম থ্রেড এবং লিকোরিস পিজা চলচ্চিত্রের জন্য।
পুরস্কার গ্রহণের সময় অ্যান্ডারসন বলেন, ‘মনের ভেতর সব সময় কিছুটা সন্দেহ থাকে—আপনি সত্যিই এটি পাওয়ার যোগ্য কি না। তবে এটি নিজের হাতে পাওয়ার আনন্দ নিয়ে কোনো প্রশ্ন নেই।’
তিনি আরও বলেন, ‘মানুষের বিশ্বাসের কারণেই আমি এখানে। তারা আমাকে তাদের সময় ও আস্থা দিয়েছে। একটি চলচ্চিত্র দলের সঙ্গে কাজ করার সবচেয়ে বড় আনন্দ হলো একসঙ্গে থাকা। এই পুরস্কার সত্যিই দারুণ উপহার। চলচ্চিত্রকেই আমি আমার ঘর বলতে পেরে খুব খুশি।’
৫৫ বছর বয়সি অ্যান্ডারসন এবার সেরা পরিচালকের বিভাগে শক্ত প্রতিদ্বন্দ্বীদের হারিয়ে এই পুরস্কার জেতেন। তাদের মধ্যে ছিলেন রায়ান কুগলার – সিনার্স, ক্লোয়ি ঝাও– হ্যামনেট, জশ স্যাফডি–মার্টি সুপ্রিম এবং ইয়োয়াকিম ত্রিয়ার –সেন্টিমেন্টাল ভ্যালু।
‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’ চলচ্চিত্রটি মূলত লেখক থমাস পিঞ্চন-এর ১৯৯০ সালের উপন্যাস ভাইনল্যান্ড-এর ঢিলেঢালা রূপান্তর। এতে হলিউড তারকা লিওনার্দো ডিক্যাপ্রিও একজন সাবেক বিপ্লবীর চরিত্রে অভিনয় করেছেন। তার কিশোরী মেয়ের চরিত্রে অভিনয় করেছেন চেজ ইনফিনিটি।
এই চলচ্চিত্রের জন্য অ্যান্ডারসন ইতোমধ্যে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পুরস্কার জিতেছেন। এর মধ্যে রয়েছে বাফটা অ্যাওয়ার্ডস, গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডস এবং ডিরেক্টরস গিল্ড অব আমেরিকা অ্যাওয়ার্ডসে সেরা পরিচালকের সম্মান।
পল থমাস অ্যান্ডারসনের উল্লেখযোগ্য অন্যান্য চলচ্চিত্রের মধ্যে রয়েছে বুগি নাইটস, ম্যাগনোলিয়া, পাঞ্চ-ড্রাঙ্ক লাভ, দ্য মাস্টার এবং ইনহেরেন্ট ভাইস।

