img

পশ্চিম এশিয়ায় চলমান ভূরাজনৈতিক উত্তেজনা মধ্যপ্রাচ্যজুড়ে সংঘাতের আশঙ্কা বাড়িয়েছে, যার প্রভাব ধীরে ধীরে অন্যান্য দেশেও পড়তে শুরু করেছে। যুক্তরাষ্ট্র, ইসরাইল ও ইরানের মধ্যে উত্তেজনা বৃদ্ধির কারণে এবার আইপিএলকে ঘিরেও কিছুটা অনিশ্চয়তা তৈরি হয়েছে।

২৮ মার্চ ভারতে শুরু হওয়ার কথা থাকা এই বড় বাজেটের টুর্নামেন্টটি গ্যাস সংকটের কারণে চ্যালেঞ্জের মুখে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

ভারতের বিভিন্ন সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, এলপিজি সরবরাহে বড় ধরনের বিঘ্ন ঘটেছে। স্টেডিয়ামের ফ্লাডলাইট চালানো থেকে শুরু করে হাজার হাজার অতিথির জন্য হোটেলে রান্নার মতো কাজেও এলপিজির প্রয়োজন হয়। সরবরাহ কমে গেলে এসব কার্যক্রম পরিচালনা করা কঠিন হয়ে পড়তে পারে।

এছাড়া পশ্চিম এশিয়ার আকাশপথে কিছু নিষেধাজ্ঞা থাকায় বিদেশি ক্রিকেটারদের ভারতে যাতায়াতও জটিল হয়ে উঠছে। ইতোমধ্যে ওয়েস্ট ইন্ডিজ, দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ডের বিশ্বকাপ দলের কয়েকজন ক্রিকেটার ভারত থেকে নিজ দেশে ফেরার সময় সমস্যায় পড়েছিলেন। জ্বালানির মূল্য বৃদ্ধি পাওয়ায় দলগুলোর এক শহর থেকে অন্য শহরে যাতায়াতের ব্যয়ও বাড়তে পারে।

তবে বোর্ডের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন, পরিস্থিতি সামাল দিতে তারা হোটেল মালিকদের সঙ্গে যোগাযোগ রাখছেন এবং আপাতত অবস্থা নিয়ন্ত্রণে রয়েছে। পরিস্থিতি আরও খারাপ না হলে সূচিতে কোনো পরিবর্তনের পরিকল্পনা নেই।

এ বিষয়ে আইপিএল চেয়ারম্যান অরুণ ধুমাল বলেছেন, তারা পরিস্থিতির ওপর ঘনিষ্ঠভাবে নজর রাখছেন এবং প্রয়োজন হলে সময়োপযোগী সিদ্ধান্ত নেওয়া হবে, কারণ পরিস্থিতি দ্রুত পরিবর্তিত হচ্ছে।

এই বিভাগের আরও খবর