৫ উইকেট নিয়ে নাহিদের রেকর্ড
পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম খেলায় নাহিদ রানার গতিতে কুপোকাত পাকিস্তান ক্রিকেট দল। পাকিস্তান ক্রিকেট দলকে একাই গুঁড়িয়ে দিয়েছেন বাংলাদেশ দলের তরুণ পেসার নাহিদ রানা। তিনি মাত্র ৭ ওভার বল করে ২৫ রানেই ৫ উইকেট শিকার করেন।
আগের ৫ ওয়ানডেতে নাহিদ রানার উইকেট ছিল পাঁচটি, সর্বোচ্চ ২ উইকেট পেয়েছিলেন অভিষেক ওয়ানডেতে। আজ পাকিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতেই নিলেন ৭ ওভারে ২৪ রানে ৫ উইকেট, সেটিও আবার নিজের প্রথম পাঁচ ওভারের প্রতি ওভারে একটি করে নিয়ে। পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের সেরা বোলিংয়ের রেকর্ড এখন নাহিদ রানার।
বুধবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে বিনা উইকেটে ৪১ রান করা পাকিস্তান; পরের ৪১ রান করতেই হারায় ৯ উইকেট। ২৩.৫ ওভারে ৯ উইকেটে পাকিস্তানের সংগ্রহ ছিল ৮২ রান।
তার চেয়েও বড় কথা ১৯ ওভারে ৭০ রানে পাকিস্তান হারায় ৬ উইকেট। ওয়ানডেতে বাংলাদেশের বিপক্ষে এত কম রানে এর আগে ৬ উইকেট হারায়নি পাকিস্তান। আজ ৭০ রানে ৬ উইকেট হারানোর বাজে নজির গড়ে শাহিন শাহ আফ্রিদির নেতৃত্বাধীন পাকিস্তান।
এদিন তরুণ পেস বোলার নাহিদ রানার গতির মুখে পড়ে ৩০.৪ ওভারে ১১৪ রানেই অলআউট হয় পাকিস্তান। দলের হয়ে মিডলঅর্ডার ব্যাটসম্যান ফাহিম আশরাফ ৪৭ বলে ৬টি চার আর এক ছক্কায় সর্বোচ্চ ৩৭ রান করেন।
নাহিদ ৭ ওভারে ২৫ রানে ক্যারিয়ার সেরা ৫ উইকেট শিকার করেন। ১০ ওভারে ২৯ রানে ৩ উইকেট নেন অধিনায়ক মেহেদি হাসান মিরাজ।

