‘ধুরন্ধর ২’ দক্ষিণ ভারতীয় সিনেমার আধিপত্য ভেঙে দেবে!
বলিউড নির্মাতা আদিত্য ধরের আসন্ন সিনেমা ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ নিয়ে উন্মাদনা এখন তুঙ্গে। প্রথম পর্বের সাফল্যের পর সিক্যুয়েলটি নিয়ে চলচ্চিত্র পাড়ায় চলছে ব্যাপক আলোচনা। সম্প্রতি এক সাক্ষাৎকারে প্রখ্যাত নির্মাতা রাম গোপাল বর্মা দাবি করেছেন, রণবীর সিং অভিনীত এ সিনেমাটি বক্স অফিসে ১৫০০ থেকে ২০০০ কোটি রুপি আয় করলে দক্ষিণ ভারতীয় সিনেমার চিরাচরিত ব্যবসায়িক মডেল বড় ধরনের ধাক্কা খাবে।
ভ্যারাইটি ইন্ডিয়ার সঙ্গে আলাপকালে রাম গোপাল বর্মা জানান, দর্শক ইতোমধ্যে এ সিনেমার গল্প ও চরিত্রগুলোর ওপর গভীরভাবে আস্থাশীল। তার মতে, ‘ধুরন্ধর ২-এর ব্যবসা প্রথম কিস্তিকেও ছাড়িয়ে যাবে। এটি কোনো গতানুগতিক ফ্র্যাঞ্চাইজি নয়, বরং ‘বাহুবলী’র মতো একটি মহাকাব্যিক যাত্রার দ্বিতীয় ভাগ। নির্মাতা আদিত্য ধর দক্ষিণ ভারতেও সিনেমাটির ব্যাপক প্রচার চালাচ্ছেন, যা এর সাফল্যে বড় ভূমিকা রাখবে।’
দক্ষিণী সিনেমার ‘ওল্ড স্কুল’ বা পুরোনো ধাঁচের মারপিটের সমালোচনা করে রাম গোপাল বলেন, ‘বলিউডে অ্যাকশন কোরিওগ্রাফির ভাষা বদলে দিয়েছে ‘ধুরন্ধর’। এখন আর বাতাসে উড়ে লাথি মারার দিন নেই; দর্শক এখন বাস্তবসম্মত অ্যাকশন দেখতে চায়। যদি এই সিনেমা ১৫০০-২০০০ কোটি রুপির ঘর ছুঁতে পারে, তবে দক্ষিণের অনেক বড় বাজেটের সিনেমার ব্যবসায়িক অংক ও কৌশল প্রশ্নের মুখে পড়বে।’
শনিবার (৭ মার্চ) মুক্তি পেয়েছে ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’-এর বহুল প্রতীক্ষিত ট্রেলার। ট্রেলারটি দেখে সামাজিক যোগাযোগ মাধ্যম ‘এক্স’-এ (সাবেক টুইটার) উচ্ছ্বাস প্রকাশ করেন রাম গোপাল বর্মা। তিনি নির্মাতা আদিত্য ধরকে উদ্দেশ্য করে লেখেন, এটি একটি ‘স্ট্রাটোস্ফিয়ারিক লেভেল’-এর কাজ এবং আদিত্য ধর যেন প্রতিশোধের নেশায় উন্মত্ত হয়ে এক দুর্দান্ত সিনেমা উপহার দিতে যাচ্ছেন।

