img

ইসরাইল ও যুক্তরাষ্ট্রের আগ্রাসনে মধ্যপ্রাচ্যের তেল সম্পদ বড় ঝুঁকিতে পড়েছে। জ্বালানি তেলের দাম হু হু করে বাড়ছে। এই অবস্থায় কিছু দেশের ওপর আরোপিত তেল-সংক্রান্ত নিষেধাজ্ঞা সাময়িকভাবে তুলে নেওয়ার কথা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ফ্লোরিডার ডোরাল এলাকায় গিয়ে সাংবাদিকদের তিনি বলেন, পরিস্থিতি স্বাভাবিক হলে হয়ত এসব নিষেধাজ্ঞা আর পুনর্বহালও করা হবে না। তবে এই মূহুর্তে কিছু দেশের তেলের ওপর থাকা মার্কিন নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে।

ট্রাম্প বলেন, পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত আমরা এই নিষেধাজ্ঞাগুলো তুলে নেব। এরপর কী হবে বলা কঠিন—হয়তো আর সেগুলো আবার আরোপ করার প্রয়োজন পড়বে না।

তিনি আরও বলেন, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান চালানো হলে তেলের দাম বাড়বে—এটি তিনি আগেই অনুমান করেছিলেন। তবে তার ধারণার তুলনায় তেলের দাম কমই বেড়েছে বলে মন্তব্য করেন ট্রাম্প।

এদিকে বিদেশি দেশগুলোর সঙ্গে বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতা বিষয়ক রুশ প্রেসিডেন্টের বিশেষ দূত কিরিল দিমিত্রিয়েভ জানিয়েছেন, রাশিয়ার তেলের ওপর আরোপিত নিষেধাজ্ঞা শিথিল করার সম্ভাবনা নিয়ে মস্কো ও ওয়াশিংটনের মধ্যে আলোচনা চলছে।

বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা ও ইরান ইস্যুকে ঘিরে বৈশ্বিক জ্বালানি বাজারে অস্থিরতা তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে তেলের সরবরাহ বাড়াতে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে নিষেধাজ্ঞা শিথিলের ইঙ্গিত বাজারে নতুন আলোচনার জন্ম দিয়েছে।

এই বিভাগের আরও খবর


সর্বশেষ