সৌদি ছাড়েননি রোনালদো, দেখা গেল আল-নাসরের অনুশীলনে
মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের কারণে ক্রিশ্চিয়ানো রোনালদো তার প্রেমিকা ও ছেলেমেয়েদের নিয়ে সৌদি আরব ছেড়ে নিরাপদে চলে গেছেন—মঙ্গলবার একাধিক গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে এমন তথ্য দেখা গেছে। তবে সৌদি ক্লাব আল-নাসরের অধিনায়ক রোনালদোকে মঙ্গলবার ক্লাবের অনুশীলন মাঠে দেখা গেছে।
বিভিন্ন গণমাধ্যম ও ওপেন-সোর্স ফ্লাইট ট্র্যাকার সূত্রে দাবি করা হয়েছিল, রোনালদোর ব্যক্তিগত বিমান সৌদি আরব থেকে ইউরোপের উদ্দেশে রওনা দিয়েছে। তবে বিষয়টি সঠিক নয় বলে এখন প্রকাশিত হচ্ছে।
মঙ্গলবার তাকে অনুশীলনে দেখা যায়। একই সঙ্গে আল-নাসর একটি মেডিকেল রিপোর্ট প্রকাশ করে জানায়, শেষ ম্যাচে তিনি পেশিতে চোট পেয়েছেন এবং পুনরায় দলের সঙ্গে অনুশীলনে ফেরার আগে চিকিৎসা ও পর্যবেক্ষণে থাকবেন।
বিশ্বখ্যাত এবং বিশ্বাসযোগ্য ইতালিয়ান ফুটবল সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে লেখেন, ‘ক্রিশ্চিয়ানো সৌদি আরব ছেড়ে মাদ্রিদে ফেরেননি।’

