img

ইমরান খান এবং তার স্ত্রী বুশরা বিবি তোশাখানা ভুয়া রসিদ মামলায় জামিন পেয়েছেন। ইসলামাবাদের একটি আদালত পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খানকে আরও পাঁচটি মামলায়ও জামিন মঞ্জুর করেছে, যার মধ্যে হত্যাচেষ্টা ও সেনাবাহিনীকে মানহানির অভিযোগ সম্পর্কিত মামলাও রয়েছে।

এফআইআরের তথ্য অনুযায়ী, ইমরান ও বুশরার বিরুদ্ধে জাল স্বাক্ষর ব্যবহার করে তোশাখানা থেকে প্রাপ্ত উপহার—যেমন ঘড়ি ও কাফলিংকস—বিক্রির ভুয়া রসিদ উপস্থাপনের মাধ্যমে প্রতারণার অভিযোগ আনা হয়েছে।

অতিরিক্ত জেলা ও দায়রা জজ মুহাম্মদ আফজাল মাজুকা পর্যবেক্ষণ করেন যে, প্রসিকিউশন ইমরান খান ও তার স্ত্রীর বিরুদ্ধে কোনো প্রমাণ উপস্থাপন করতে ব্যর্থ হয়েছে। আদালত ৫০ হাজার রুপি করে জামানত বন্ডের বিনিময়ে তাদের জামিন মঞ্জুর করেন।

বিচারক মাজুকা পিটিআই প্রতিষ্ঠাতাকে আরও পাঁচটি মামলায় ৫০ হাজার রুপি করে জামানত বন্ডের শর্তে জামিন দেন।

সেনাবাহিনীকে মানহানির মামলায় আদালত রায়ে উল্লেখ করেন যে, আবেদনকারী অপরাধ করেছেন—এমন কোনো উপাদান রেকর্ডে উপস্থাপন করা হয়নি।

এফআইআরে বলা হয়েছে, অভিযোগকারী মানজুর আহমদ নামে এক ম্যাজিস্ট্রেট তার কর্মকর্তাদের সঙ্গে একটি বেসরকারি টিভি চ্যানেলে সংবাদ দেখার সময় ইমরান খান সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে অভিযোগ তোলেন এবং দাবি করেন, তারা তাকে পরাজিত ও হত্যা করতে চায়।

অভিযোগে আরও বলা হয়, আবেদনকারী সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে অবমাননাকর ভাষা ব্যবহার করে তাদের মানহানি করেছেন, সমাজে অস্থিরতা সৃষ্টি করেছেন এবং শীর্ষ সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে অশালীন ভাষা ব্যবহার করেছেন।

বিক্ষোভের সঙ্গে সংশ্লিষ্ট হত্যাচেষ্টা মামলায় আদালত উল্লেখ করেন যে, প্রসিকিউশন প্রমাণ করতে পারেনি যে এসব বিক্ষোভ পিটিআই প্রতিষ্ঠাতার নির্দেশে সংগঠিত হয়েছিল, কিংবা ঘটনাস্থলে তার উপস্থিতি ছিল।

২০২২ সালের এপ্রিলে বিরোধীদের অনাস্থা প্রস্তাবের মাধ্যমে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে ইমরান খান ২০২৩ সালের আগস্ট থেকে কারাগারে রয়েছেন। দুর্নীতি থেকে সন্ত্রাসবাদ পর্যন্ত বিভিন্ন অভিযোগে তার বিরুদ্ধে একাধিক মামলা দায়ের হয়েছে।

এই বিভাগের আরও খবর


সর্বশেষ