img

ওপার বাংলার অভিনেতা শ্যাম ভট্টাচার্য, যিনি গত বছর ঈদে মুক্তি পাওয়া শাকিব খানের ‘বরবাদ’ সিনেমায় অভিনয় করে বাংলাদেশে ব্যাপক পরিচিতি পান।

মেহেদী হাসান হৃদয় নির্মিত সেই সিনেমাটিতে জিল্লু চরিত্রে অভিনয় করেছিলেন শ্যাম। ছবিতে তাকে সম্বোধন করে শাকিব খানের ‘এই জিল্লু মাল দে’ সংলাপটিই মূলত তাকে দারুণ জনপ্রিয় করে তুলে। সে সময়ে সামাজিক মাধ্যমে রীতিমতো ট্রেন্ডে পরিণত হন ‘জিল্লু’।

‘বরবাদ’ সিনেমায় ব্যাপক সাফল্যের পর আবার বাংলাদেশি সিনেমায় ফিরছেন ‘জিল্লু’খ্যাত এই অভিনেতা।

গত বছরের মতো আসন্ন ঈদুল ফিতরেও নতুন প্রকল্প নিয়ে বড় পর্দায় ফিরছেন নির্মাতা মেহেদী হাসান হৃদয়। রিয়েল এনার্জির ব্যানারে নির্মিত এ ছবিটির নাম ‘রাক্ষস’, যার মুখ্য চরিত্রে অভিনয় করেছেন সিয়াম আহমেদ।

সিনেমার একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন শ্যাম ভট্টাচার্য। তবে তাকে কোন ভূমিকায় দেখা যাবে, তা এখনো প্রকাশ করেননি নির্মাতা। ফলে রহস্য রেখেই ছবির প্রচারণা এগিয়ে যাচ্ছে।

ইতোমধ্যে প্রকাশ পেয়েছে ‘রাক্ষস’-এর ফার্স্ট লুক, যা ঘিরে তৈরি হয়েছে কৌতূহল। সাদা একটি ঘর—মেঝেজুড়ে রক্তের ছোপ। মাঝখানে রক্তভর্তি বাথটাব, তাতে নিথর পড়ে থাকা একটি বাঘ। বাথটাবের পাশে দাঁড়িয়ে আছেন সিয়াম আহমেদ, পরনে সাদা স্যুট। এক হাতে চাইনিজ কুড়াল, অন্য হাতে পিস্তল। মৃত বাঘটিকে লক্ষ্য করে গুলি ছোড়ার মুহূর্তে তার চোখে ধরা পড়ে ধ্বংস আর বিষাদের মিশেল। দাঁতে চেপে ধরা একটি গোলাপ যেন পুরো দৃশ্যটিকে আরও রহস্যময় করে তোলে।

সব মিলিয়ে স্পষ্ট—‘রাক্ষস’ কোনও প্রচলিত ধারার সিনেমা নয়। ভিজ্যুয়াল ভাষাতেই নির্মাতা ইঙ্গিত দিয়েছেন এক তীব্র, সহিংস ও মানসিক দ্বন্দ্বে ভরা কাহিনির।

‘রাক্ষস’ সিনেমায় সিয়ামের নায়িকা হিসেবে ওপার বাংলার অভিনেত্রী সুস্মিতা চ্যাটার্জিকে দেখা যাবে।  শ্রীলঙ্কা ও মালয়েশিয়ায় ইতোমধ্যে ছবির কিছু অংশের শুটিংও হয়েছে। আসন্ন ঈদে ছবিটি মুক্তির পরিকল্পনা রয়েছে।

এই বিভাগের আরও খবর