সুপ্রিম কোর্টের বিচারকদের দেশপ্রেমের অভাব: ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের শুল্কনীতিকে ‘অবৈধ’ বলে ঘোষণা করা সুপ্রিম কোর্টের রায়কে ‘হাস্যকর’ বলে উল্লেখ করেছেন ট্রাম্প। এই রায় ঘোষণার জন্য সুপ্রিম কোর্টের বিচারকদের ‘লজ্জা হওয়া উচিত’ বলেও মন্তব্য করেছেন তিনি।
প্রেসিডেন্ট ট্রাম্প আরও বলেছেন, সুপ্রিম কোর্টের যে বিচারপতিরা এই রায় দিয়েছেন— তাদের ‘দেশপ্রেমের অভাব’ এবং সংবিধানের প্রতি অবিশ্বস্ততার কারণে তিনি নিজেও লজ্জিত।
শুক্রবার সুপ্রিম কোর্টের রায় ঘোষণার কিছু সময় পর নিজের সামাজিক যোগযোগমাধ্যম পোস্ট করা এক বার্তায় প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, ‘সুপ্রিম কোর্টের যে সদস্যরা আমাদের গ্রহণযোগ্য এবং সঠিক শুল্কনীতির বিরুদ্ধে ভোট দিয়েছেন, তাদের নিজেদের জন্য লজ্জিত হওয়া উচিত। তাদের সিদ্ধান্ত হাস্যকর ছিল কিন্তু, এখন সমন্বয় প্রক্রিয়া শুরু হচ্ছে, এবং আমরা আগের চেয়ে আরও বেশি অর্থ গ্রহণের জন্য যথাসাধ্য চেষ্টা করব।’
গতকাল শুক্রবার ট্রাম্পের শুল্কনীতিকে অবৈধ ঘোষণা করে রায় দিয়েছেন যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট; সর্বোচ্চ আদালতের ৯ জন বিচারপতির মধ্যে ৬ জনই রায়কে সমর্থন করেছেন।
নিজের পোস্টে এ প্রসঙ্গে ট্রাম্প বলেন, ‘আমি আদালতের কিছু বিচারপতির জন্য লজ্জিত, কারণ আমাদের দেশের জন্য যা সঠিক— তা করার সাহস তাদের নেই। আদালতের এই বিচারপতিরা কট্টর বামপন্থি ডেমোক্র্যাট গণ্ডারদের মতো নির্বোধ এবং কোলে বসে থাকা আদুরে কুকুর। তাদের রায়ে দেশপ্রেম এবং সংবিধানের প্রতি বিশ্বস্ততার গুরুতর অভাব রয়েছে।’
ট্রুথ সোশ্যাল পোস্টে ট্রাম্প আরও বলেন, শুল্ক আরোপের ক্ষেত্রে প্রত্যেক দেশের সরকারের সঙ্গে আলোচনার সময় তিনি এবং তার নেতৃত্বাধীন প্রশাসনের কথাবার্তা ছিল ‘খুবই বিনয়ী’। আদালতের সিদ্ধান্তকে প্রভাবিত করতে পারে— এমন কোনো কাজ তার নেতৃত্বাধীন প্রশাসন করেনি বলেও দাবি করেছেন ট্রাম্প।
তিনি বলে, ‘যুক্তরাষ্ট্রকে ফের মহান করে তুলতে আমি গত এক বছর ধরে খুবই কার্যকরভাবে শুল্কের ব্যবহার করেছি। আমি ক্ষমতায় আসার পর আমাদের শেয়ার বাজারও চাঙা হয়েছে। যুক্তরাষ্ট্রের শেয়ার বাজার সম্প্রতি ডিওডব্লিউ-তে ৫ হাজার এবং এস অ্যান্ড পি-তে ৭ হাজার পয়েন্ট অতিক্রম করেছে। এটা অনেকের কাছেই কল্পনাতীত ছিলো।’
নিজের শুল্কনীতির পক্ষে যুক্তি দিয়ে ট্রুথ সোশ্যাল পোস্টে ট্রাম্প বলেন, ‘শুল্ক আমাদের ব্যাপকভাবে জাতীয় নিরাপত্তা দিয়েছে এবং শুল্ক ও শক্তিশালী সীমান্তের মেলবন্ধন আমাদের দেশে ফেন্টানাইলের আগমন ৩০ শতাংশ হ্রাস করেছে। আমাদের সব শুল্ক বহাল আছে, তবে যেহেতু আদালত ভুলভাবে আমাদের শুল্কনীতি প্রত্যাখ্যান করেছে, তাই এখন আমাদের অন্যান্য বিকল্পগুলো ব্যবহার করতে হবে।’

