নতুন গান দিয়ে ফিরছেন ‘লাগে উরাধুরা’খ্যাত কণ্ঠশিল্পী অন্তরা
ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খানের ‘লাগে উরাধুরা’ গান দিয়ে ব্যাপক জনপ্রিয়তা পান গায়িকা দেবশ্রী অন্তরা। এরপর গান থেকে কিছুটা দূরেই ছিলেন তিনি। এবার এই গায়িকা ‘আমি পাখি হবো’ শিরোনামের একটি গান দিয়ে আবারও গানের জগতে ফিরছেন।
এআই প্রযুক্তির মাধ্যমে তৈরি করা গানটি ‘ভালোবাসা দিবস’ উপলক্ষে ব্যান্ড এক্সকেইপের একটি প্রজেক্ট বলে জানা গেছে। গানটিতে অন্তরার সঙ্গে কণ্ঠ দিয়েছেন আবীর সাদাফ। এর কথা লিখেছেন সাংবাদিক রবিউল ইসলাম জীবন। সুর ও সংগীতায়োজনে ছিলেন ব্যান্ডটির দুই সদস্য কাজী রিন্টু ও আবীর সাদাফ। মিক্স–মাস্টারিং করেছেন বখতিয়ার হোসেন এবং এআই ভিজ্যুয়াল প্রোডাকশনে ছিল হাইপার কাটস প্রোডাকশন।
নতুন এই গান নিয়ে ব্যান্ড এক্সকেইপ জানিয়েছে, ‘আমি পাখি হবো’ শুধু ভালোবাসা দিবসের জন্য নির্মিত নয়; এটি মূলত ‘স্ট্রিংস বিয়ন্ড বর্ডারস’ (মিউজিক উইদাউট পাসপোর্ট) শীর্ষক একটি আন্তর্জাতিক সংগীত উদ্যোগের অংশ। গান সম্পর্কে আরেক কণ্ঠশিল্পী আবীর সাদাফ বলেন, ‘এই প্রজেক্টের লক্ষ্য একেবারেই আলাদা। গানটি সবার ভালো লাগবে বলে আমার বিশ্বাস।’
এর আগে শাকিব খানের ‘তুফান’ সিনেমায় গান গেয়ে ব্যাপক জনপ্রিয়তা পাওয়া অন্তরা মাঝে কিছুদিন বিরতিতে ছিলেন। সে প্রসঙ্গে তিনি বলেন, ‘লাগে উরাধুরা-র পর একটা সময় আমি চাইলেও নিয়মিত কাজ করতে পারিনি। স্বাস্থ্যগত দিক থেকে সময়টা কঠিন ছিল, কিন্তু সংগীত কখনো আমাকে ছাড়েনি।’
নতুন গান নিয়ে অন্তরার ভাষ্য, ‘আমি পাখি হবো গানটি আমার কাছে এক ধরনের নতুন শুরু, আর এটাই আমার প্রথম ব্যান্ড কোলাবোরেশন হওয়ায় বিষয়টা আরও স্পেশাল। গানটির আবেগ, তাদের ভিশন আর ‘স্ট্রিংস বিয়ন্ড বর্ডারস’-এর ভাবনাটা আমাকে খুব টেনেছে। আমি সত্যিই রোমাঞ্চিত এবং আবারও শ্রোতাদের সঙ্গে সংযোগ তৈরি হবে বলে আশাবাদী।’

