img

জরিপের উদ্ধৃতি দিয়ে ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল–আশুগঞ্জ ও বিজয়নগরের দুই ইউনিয়ন) আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, এবারের নির্বাচনে অন্তত ৩০ শতাংশ মানুষ দলীয় প্রতীক নয়, প্রার্থীর যোগ্যতা ও ব্যক্তিত্ব বিবেচনা করে ভোট দেবেন। তাই কেউ যদি মনে করে শুধু মার্কার ওপর চড়ে নির্বাচনের তরী পার হয়ে যাবে, সেই সুযোগ আর নেই।

বুধবার (৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সরাইল উপজেলার পানিশ্বর ইউনিয়নের শাখাইতি গ্রামের পূর্বপাড়ায় অনুষ্ঠিত এক নির্বাচনি জনসভায় তিনি এসব কথা বলেন।

রুমিন ফারহানা বলেন, এবারের নির্বাচন যোগ্য প্রার্থী বাছাইয়ের নির্বাচন। মানুষ দেখবে প্রার্থী যোগ্য কিনা, শিক্ষিত কিনা, সাহসী কিনা, সৎ কিনা, এলাকায় উন্নয়ন করতে পারবে কিনা এবং তার অভিজ্ঞতা আছে কিনা। এসব বিষয় বিবেচনা করেই ৩০ শতাংশ ভোটার ভোট দেবেন।

তিনি বলেন, এবার জরিপে দেখা যাচ্ছে- ১০০ জনের মধ্যে ৩০ জন মানুষ মার্কা দেখবেন না। তারা প্রার্থী খুঁজবেন। সুতরাং কেউ যদি মনে করেন দলীয় প্রতীকের ওপর ভর করে নির্বাচনে জেতা যাবে, সেটা হওয়ার কোনো সুযোগ নেই।

জনসভায় উপস্থিতিদের উদ্দেশে তিনি বলেন, যোগ্য অভিভাবক যদি এলাকার অভিভাবকত্ব না নেয়, তাহলে এলাকার উন্নয়ন ও অগ্রগতি সম্ভব নয়। তাই ভোট দেওয়ার সময় যোগ্য, শিক্ষিত, সৎ ও অভিজ্ঞ প্রার্থীকে বেছে নেওয়ার আহ্বান জানান তিনি।

জনসভা মঞ্চে উঠেই রুমিন ফারহানা তার প্রতীক ‘হাঁস’ মার্কাকে নিয়ে স্লোগান দেন। একই সঙ্গে তিনি এলাকার বিভিন্ন দাবির প্রতি সমর্থন জানিয়ে ভোটে বিজয়ী হলে উন্নয়নমূলক কর্মকাণ্ড বাস্তবায়নের প্রতিশ্রুতি দেন।

এ সময় তিনি ভোটারদের উদ্দেশে বলেন, ভোটের আগের দিন থেকে গণনা শেষ হওয়া পর্যন্ত সবাইকে কেন্দ্রে সতর্ক অবস্থানে থাকতে হবে, যাতে ভোটাধিকার সুরক্ষিত থাকে।

 

এই বিভাগের আরও খবর