img

‘আমাকে হারাতে দিলে নিখোঁজ বিজ্ঞপ্তিতে ছেয়ে যাবে তোমার শহর’ — ক্রিশ্চিয়ানো রোনালদো কি এখন মনে মনে এই কথা বলছেন? সৌদি আরবে সেটাই হচ্ছে যে এখন! রিয়াদের রাস্তায় এখন দেখা মিলছে রোনালদোর ‘নিখোঁজ’ হওয়ার পোস্টারের।

আল নাসরের হয়ে সবশেষ ম্যাচে রোনালদোকে মাঠে দেখা যায়নি। আল রিয়াদের বিপক্ষে সৌদি প্রো লিগের সেই ম্যাচের আগে তিনি ফিটই ছিলেন। তবু তাকে দলে না দেখা যাওয়ার কারণ, তিনি তার ক্লাব যেভাবে চলছে, তার বিরুদ্ধে প্রতিবাদ করেছেন। তারই দৃশ্যমান ফল, তাকে মাঠের খেলাতে দেখতে না পাওয়া।

সৌদি আরবের শীর্ষ লিগ সৌদি প্রো লিগের ৪টি ক্লাবের মালিকানা পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ড— পিআইএফের হাতে। এই চারটি ক্লাব হলো– আল হিলাল, আল আহলি, আল ইত্তিহাদ আর রোনালদোর আল নাসরের। 

তবে রোনালদোর অভিযোগ, পিআইএফ চারটি ক্লাবের প্রতিই ন্যায্য আচরণ করছে না এখন। বরং আল নাসরের সরাসরি প্রতিপক্ষ আল হিলাল, আল আহলি ও আল ইত্তিহাদের প্রতি পক্ষপাতিত্বমূলক আচরণ করছে।

সম্প্রতি আল ইত্তিহাদ থেকে আল হিলালে যোগ দিয়েছেন রোনালদোর রিয়াল মাদ্রিদ সতীর্থ কারিম বেনজেমা। সে কারণেই মূলত তার ক্ষোভ গিয়েছে বেড়ে। সবশেষ শীতকালীন দলবদলে রোনালদোর আল নাসর ৪ জন খেলোয়াড়কে দলে ভিড়িয়েছে, যাদের কেউই ফুটবল পরিমণ্ডলে চেনা মুখ নন। ওদিকে শিরোপার দৌড়ে তাদের প্রধান প্রতিপক্ষ আল হিলাল পেয়ে গেল বেনজেমাকে। রোনালদো তাই প্রতিবাদস্বরূপ ম্যাচ বয়কটের সিদ্ধান্ত নেন বলে জানাচ্ছে স্থানীয় সংবাদ মাধ্যম।

আল রিয়াদের বিপক্ষে তাকে দেখা যায়নি মাঠে। যার ফলে তাকে নিয়ে রসিকতা করতেও পিছপা হয়নি আল হিলাল সমর্থকরা। রিয়াদের রাস্তায় রাস্তায় নিখোঁজ বিজ্ঞপ্তি সেঁটে দিয়েছে রীতিমতো।

বিজ্ঞপ্তির ছবিটাতে দেখা যাচ্ছে রোনালদো কাঁদছেন। সঙ্গে লিখে দেওয়া হয়েছে, ‘একজন চল্লিশ বছর বয়সী ব্যক্তি, যিনি শেষ কিছু দিনে অতিরিক্ত কান্নাকাটির বোঝা বয়ে বেড়াচ্ছেন, তাকে তার পরিবার খুঁজে বেড়াচ্ছে।’ বুঝাই যাচ্ছে, নিখোঁজ সংবাদে শহর ছেয়ে যাওয়াটা রোনালদোকে বিব্রতই করবে বটে!

এদিকে শেষ খবর পাওয়া পর্যন্ত, রোনালদোর সঙ্গে তার ক্লাবের সমঝোতা হয়নি। ফলে এই বয়কট কাণ্ড কোথায় গড়ায়, সেটাই এখন দেখার বিষয়।

এই বিভাগের আরও খবর