img

বাংলাদেশ দলকে টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাদ দেওয়ায় ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের ঘোষণা দিয়েছে পাকিস্তান। ম্যাচ বয়কট ইস্যুতে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) ‘দ্বিমুখী আচরণ’ নিয়ে তীব্র সমালোচনা করেছেন পাকিস্তানের সাবেক তারকা ক্রিকেটার বাসিত আলি।

ইউটিউব চ্যানেল ‘গেম প্ল্যান’-এ দেয়া বক্তব্যে বাসিত আলি বলেন, ‘এই আচরণটা শুরু করেছে ভারতই। ঠিক আছে, হাত মেলানো বাধ্যতামূলক নয়। ভারতীয় খেলোয়াড়রা পাকিস্তানের সঙ্গে সবশেষ বিশ্বকাপে হাত মেলায়নি, এ নিয়ে আমি কথাই বলছি না। কিন্তু এশিয়া কাপ জয়ের পর এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) প্রধান মহসিন নকভির কাছ থেকে ট্রফি নিতে ভারত রাজি হয়নি। তাদের নেওয়া উচিত ছিল। তারা নেয়নি, কারণ ভারত সরকার অনুমতি দেয়নি। এখন আমাদের সরকার যখন ভারত ম্যাচ বয়কট করতে বলেছে, তখন আমরা হঠাৎ করে খারাপ হয়ে গেলাম? ভারত পারলে পাকিস্তানও পারবে।’

অতীতের উদাহরণ টেনে বাসিত আলি বলেন, ‘১৯৯৬ বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজ ও অস্ট্রেলিয়া তাদের ম্যাচগুলো ফরফিট করেছিল। দুই পয়েন্ট কাটা ছাড়া আর কোনো শাস্তি কি দেওয়া হয়েছিল? ২০০৩ বিশ্বকাপে ইংল্যান্ড ও নিউজিল্যান্ড ম্যাচ খেলেনি; তাদের কি কোনো অতিরিক্ত শাস্তি দেয়া হয়েছিল? আর এখন বলা হচ্ছে পাকিস্তান দলকে নাকি নিষিদ্ধ করা হবে। করে দেখাক!’

তিনি আরও বলেন, ‘বাংলাদেশ সরকার যা নির্দেশ দিয়েছিল, বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সেটাই করেছে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত সরকার যা বলেছিল, বিসিসিআই সেটাই মেনেছে। এখন পাকিস্তান সরকার ভারত ম্যাচ বয়কটের নির্দেশ দিয়েছে, আর পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) সেটাই অনুসরণ করছে। এখন আইসিসি পিসিবিকে অনুরোধ করছে সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে বা চিঠি দিয়ে জানাতে যে তারা ম্যাচটি বয়কট করবে।’

এ প্রসঙ্গে তিনি প্রশ্ন তোলেন, ‘চ্যাম্পিয়ন্স ট্রফিতে বিসিসিআই কি আইসিসিকে কোনো চিঠি দিয়ে জানিয়েছিল যে তারা পাকিস্তানে খেলবে না? আইসিসির সবাইকে আমি চ্যালেঞ্জ করছি, সেই চিঠি দেখান। পাকিস্তান সরকার যে সিদ্ধান্ত নিয়েছে, পিসিবি কীভাবে তা উপেক্ষা করবে? ১৫ ফেব্রুয়ারি ভারত ম্যাচে পাকিস্তান খেলবে কি না, সেই সিদ্ধান্ত নেয়ার একমাত্র অধিকার পাকিস্তান সরকারের।’

ভারত ও পাকিস্তান উভয় দেশের সেইসব মানুষের প্রতিও কটাক্ষ করেন বাসিত আলি, যারা দাবি করেছিলেন পাকিস্তান কখনোই ভারতের বিপক্ষে ম্যাচ বয়কট করবে না।

তিনি বলেন, ‘ভারতে টিভি উপস্থাপকরা বলত, পাকিস্তান ভারতের বিপক্ষে ম্যাচ বয়কট করার সাহস পাবে না। এখন তাদের আয়নায় তাকানো উচিত। পাকিস্তানেও অনেকেই বলেছিল আমরা বয়কট করব না। কিন্তু একটি সরকার সবসময় দীর্ঘমেয়াদি বিষয় চিন্তা করে। সামনে ভারতে বড় ইভেন্ট আসছে,২০৩০ সালে আহমেদাবাদে কমনওয়েলথ গেমস, ২০৩৬ অলিম্পিক আয়োজনের বিডও দিয়েছে তারা।’

 

এই বিভাগের আরও খবর