img

ত্রয়োদশ সংসদ নির্বাচনের প্রচারের অংশ হিসেবে বুধবার বরিশাল ও ফরিদপুর যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) দুপুরে গুলশানে বিএনপির কার্যালয়ে এক সংবাদ বিজ্ঞপ্তিতে দলের কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহাদী আমীন এ কথা জানিয়েছেন।

মাহাদী আমিন বলেন, তারেক রহমান বুধবার তার নির্বাচনি প্রচারণার অংশ হিসেবে বরিশাল ও ফরিদপুরে যাচ্ছেন। বেলা ১১টায় আকাশ পথে তিনি বরিশালে যাবেন এবং সেখানে বেলস পার্ক মাঠে দুপুর ১২টায় নির্বাচনি জনসভায় অংশগ্রহণ করবেন। দুপুর ১টায় আকাশ পথে বরিশাল থেকে ফরিদপুরের উদ্দেশে রওনা দেবেন এবং সেখানে পৌঁছে রাজেন্দ্র কলেজ মাঠে নির্বাচনি জনসভায় অংশ নেবেন। তারপরে আবার আকাশ পথে ঢাকায় ফিরবেন। এ সফরের মাধ্যমে ঢাকার বাইরের প্রচার শেষ হবে বিএনপি চেয়ারম্যানের।

গত ২২ জানুয়ারি সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠ থেকে নির্বাচনি প্রচারাভিযান শুরু করেন তারেক রহমান। একইদিন তিনি মৌলভীবাজার, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, কিশোরগঞ্জ, নরসিংদী, নারায়ণগঞ্জে নির্বাচনি সমাবেশ করেন।

এরপর ২৫ জানুয়ারি চট্টগ্রাম যান তারেক রহমান। সেখান থেকে তিনি ফেনী, কুমিল্লার চৌদ্দগ্রাম, সোয়াগাজী, দাউদকান্দি, নারায়ণগঞ্জে নির্বাচনি সমাবেশ করে ঢাকায় ফেরেন। এরপরে ময়মনসিংহ থেকে ঢাকা পর্যন্ত ৩টি নির্বাচনি সমাবেশ অংশ নেন তিনি।

বিএনপি চেয়ারম্যান উত্তরাঞ্চল সফর শুরু করেন ২৯ জানুয়ারি। তিন দিনের সেই সফরে তিনি রাজশাহী, নওগাঁ, বগুড়া, রংপুরে, সিরাজগঞ্জে ও টাঙ্গাইল নির্বাচনি সমাবেশ শেষে ঢাকায় ফেরেন শনিবার।

সোমবার খুলনা ও যশোরে নির্বাচনি সমাবেশে অংশ নেন তারেক রহমান।

এই বিভাগের আরও খবর