পাকিস্তানের বয়কটের পর ভারত কি শ্রীলঙ্কায় যাবে?
পাকিস্তান সরকার ভারত ম্যাচ বয়কটের ঘোষণা দিলেও টি-টোয়েন্টি বিশ্বকাপের ওই ম্যাচ ঘিরে সব আনুষ্ঠানিক প্রক্রিয়া চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে ভারত। আইসিসির নিয়ম মেনে ভারতীয় দল শ্রীলঙ্কায় যাবে। তারা অনুশীলন করবে। ম্যাচের আগে সংবাদ সম্মেলনে অংশ নেবে। ম্যাচের দিন নির্ধারিত সময়েই স্টেডিয়ামে উপস্থিত থাকবে।
পাকিস্তানের বয়কট ঘোষণার পর ক্রিকেট বিশ্বে তৈরি হয়েছে অনিশ্চয়তা। এই অবস্থায় আইসিসি পাকিস্তানকে সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছে। সংস্থাটি জানিয়েছে, ম্যাচে না নামলে তার প্রভাব পড়তে পারে বড় পরিসরে।
এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া। তবে বোর্ডের এক কর্মকর্তা সংবাদ সংস্থা এএনআইকে বলেন, ভারত নিয়মের বাইরে কিছু করবে না।
তিনি বলেন, ‘ভারতীয় দল শ্রীলঙ্কায় যাবে এবং আইসিসির সব প্রোটোকল মেনে চলবে। নির্ধারিত সূচি অনুযায়ী অনুশীলন করবে। সংবাদ সম্মেলন করবে। ম্যাচের সময় স্টেডিয়ামে যাবে এবং ম্যাচ রেফারির সিদ্ধান্তের জন্য অপেক্ষা করবে।’
আইসিসির খেলার নিয়ম অনুযায়ী, টসের সময় কোনো দলের অধিনায়ক উপস্থিত না হলে ওয়াকওভার দেওয়া হয়। ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব টসের জন্য উপস্থিত থাকার কথা। যদি পাকিস্তান অধিনায়ক সালমান আলি আগা টসে না আসেন, তাহলে ভারতকে আনুষ্ঠানিকভাবে জয়ী ঘোষণা করা হতে পারে।
আগামী ১৫ ফেব্রুয়ারি কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে ম্যাচটি হওয়ার কথা। বহু বছর ধরে ভারত ও পাকিস্তান দ্বিপাক্ষিক সিরিজ খেলছে না। তারা শুধু আইসিসি ও এশিয়ান ক্রিকেট কাউন্সিলের টুর্নামেন্টেই মুখোমুখি হয়।
বিশ্বমঞ্চে ভারতের বিপক্ষে পাকিস্তানের রেকর্ড খুব ভালো নয়। ওয়ানডে বিশ্বকাপে আট ম্যাচে আটবার হেরেছে তারা। টি-টোয়েন্টি বিশ্বকাপে আট ম্যাচে জিতেছে মাত্র একবার। তবুও ভারত-পাকিস্তান ম্যাচ মানেই সবচেয়ে বেশি দর্শক আগ্রহ।
এই ম্যাচ থেকেই সবচেয়ে বেশি সম্প্রচার আয় হয়। ম্যাচ বাতিল হলে আইসিসির বড় আর্থিক ক্ষতি হবে। পাশাপাশি পাকিস্তান ক্রিকেট বোর্ডকে বড় অঙ্কের জরিমানার মুখে পড়তে হতে পারে।

