কবিরহাটে ট্রাকের নিচে অটোরিকশা নিহত ৬
নোয়াখালীর কবিরহাট উপজেলায় ট্রাক-অটোরিকশা সংঘর্ষে দুই শিক্ষার্থীসহ ছয়জন প্রাণ হারিয়েছেন। দুর্ঘটনাকালে অটোরিকশাটি ট্রাকের নিচে ঢুকে দুমড়ে-মুছড়ে যায়। মঙ্গলবার দুপুরে বসুরহাট-কবিরহাট সড়কের ইসলামিয়া আলিম মাদ্রাসার সামনে এ দুর্ঘটনা ঘটে। বাগেরহাটে বিএনপির সভা শেষে ফেরার পথে তিন কর্মী নিহত হয়েছেন। হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন তিনজন। এছাড়া পাঁচ স্থানে সড়কে ঝরেছে আরও ৬ প্রাণ। তাদের মধ্যে খাগড়াছড়িতে মোটরসাইকেল চালক, চট্টগ্রামে আরোহী, নাটোরে গৃহবধূ, ঝিনাইদহে কলেজছাত্র এবং টাঙ্গাইলে অটোযাত্রী ও চালক রয়েছেন। ব্যুরো, স্টাফ রিপোর্টার ও প্রতিনিধিদের পাঠানো খবর-
নোয়াখালী ও কোম্পানীগঞ্জ : নিহতরা হলেন- অটোরিকশাচালক শাহ আলম, নোয়াখালী কলেজের ছাত্র তানিম হাসান, ছাত্রী ইসরাত জাহান, অটোযাত্রী যাত্রী বিবি কুলসুম, জান্নাত ও সুমন। দুপুরে কোম্পানীগঞ্জের বসুরহাট বাজারের উদ্দেশে জেলা শহর মাইজদী থেকে যাত্রীবাহী অটোরিকশাটি ছেড়ে যায়। অটোটি ওই স্থানে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা ট্রাকের সঙ্গে সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলে অটোতে থাকা তিন যাত্রী ও পরে কবিরহাট হাসপাতালে নেওয়ার পথে একজন ও হাসপাতালে নিয়ে গেলে আরও একজন যাত্রী মারা যান। দুর্ঘটনায় আহত একজনকে নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হলে তিনিও মারা যান। ঘটনার পরপরই ট্রাকটি আটক করে স্থানীয়রা। স্থানীয়রা জানান, অটোরিকশাটি সোজা এসে ট্রাকের নিচে ঢুকে যায়। পরে ট্রাক চালক ট্রাক না থামিয়ে প্রায় দুইশ’ গজের মতো গাড়িটি চালিয়ে নিয়ে যায়। পরে স্থানীয়রা গতিরোধ করে গাড়িটি আটক করতে সক্ষম হয়। কবিরহাট উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা শ্যামল কুমার দেবনাথ জানান, ঘটনাস্থলে ৩ জন ও কবিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনার পর ২ জন ও নোয়াখালী জেনারেল হাসপাতালে নেওয়ার পর আরও একজন মারা যায়। কবিরহাট থানার ওসি শাহীন মিয়া জানান, অটোতে থাকা চালকসহ ৬ জনই মারা গেছেন। গাড়ি দুটি থানায় আনা হয়েছে। ঘটনার পরপর ট্রাক চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি।
বাগেরহাট : রামপালে বাসের ধাক্কা ও ট্রাকচাপায় তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহতরা হলেন রামপালের রাজনগর ইউনিয়ন বিএনপির কর্মী জামির ইজাদ্দার, মিজান ব্যাপারি ও হরিপদ রায়। মঙ্গলবার সন্ধ্যায় খুলনা মোংলা মহাসড়কের বেলাই ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তারা ভাগা বালুর মাঠে অনুষ্ঠিত বিএনপির কেন্দ্রীয় গবেষণা সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীমের নির্বাচনি সভা শেষে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। বাবুরবাড়ি পৌঁছলে পেছন থেকে আসা একটি যাত্রীবাহী বাস তাদের ধাক্কা দেয়, পরে পেছন থেকে একটি ট্রাক তাদের চাপা দেয়। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।
হবিগঞ্জ : হবিগঞ্জের শায়েস্তাগঞ্জের কদমতলী এলাকায় দুই বাসের সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। তবে তাদের পরিচয় পাওয়া যায়নি। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৩০ জন। মঙ্গলবার দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। এ সময় মহাসড়কে ব্যাপক যানজট সৃষ্টি হয়। খবর পেয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে সদর আধুনিক হাসপাতালে পাঠায় এবং মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক করে। সিলেট থেকে কুমিল্লাগামী রিয়েল কোচের একটি বাস শায়েস্তাগঞ্জের কদমতলী পৌঁছলে সিলেটমুখী এনা পরিবহনের বাসের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে দুজন মারা যান। আহত হন আরও অন্তত ২০ থেকে ৩০ জন।
খাগড়াছড়ি: খাগড়াছড়ির মানিকছড়িতে বাসের ধাক্কায় মোটরসাইকেল চালক মাসুদ নিহত হয়েছেন। মানিকছড়ি উপজেলার তিনটহরী ইউনিয়নে বড়ডলু মুসলিমপাড়া এলাকায় খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কে মঙ্গলবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে।
নাটোর : নলডাঙ্গা রোডে মোটরসাইকেল দুর্ঘটনায় এলজিইডিতে কর্মরত মানসুরা বেগম নিহত হয়েছেন। মঙ্গলবার নলডাঙ্গা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মানসুরা নাটোর শহরের মোহনপুর এলাকার অধ্যাপক জিল্লুর রহমানের স্ত্রী।
মির্জাপুর (টাঙ্গাইল) : মির্জাপুরে বাস চাপায় অটোরিকশার চালক ও যাত্রী নিহত হয়েছেন। মঙ্গলবার দুপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের উপজেলার দেওহাটা ওভারব্রিজের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- উপজেলার গোড়াই ইউনিয়নের রানাশাল গ্রামের আজিম উদ্দিনের ছেলে অটোচালক রহিজ সিকদার ও অটোর যাত্রী রশিদ এবং দেওহাটা গ্রামের আজগর আলীর ছেলে আব্দুল হামিদ।
মহেশপুর (ঝিনাইদহ): মহেশপুরে সড়ক দুর্ঘটনায় কলেজছাত্র সজীব হোসেনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার উপজেলার শ্যামকুড় ইউনিয়নের রূপালীপাড়ায় লাটা হাম্বা-মোটরসাইকেল সংঘর্ষে মারা যান তিনি। এ ঘটনায় সাকির হোসেন নামে অপর এক কলেজছাত্র গুরুতর আহত হয়। সজীব শ্যামকুড় মাঠপাড়ার সানোয়ার খানের ছেলে আর সাকিব লড়াইঘাট গ্রামের সিরু মিয়ার ছেলে। তারা দুজন সরকারি পদ্মপুকুর ডিগ্রি কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।
চট্টগ্রাম : চট্টগ্রামে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মনজুর আলমের মৃত্যু হয়েছে। সোমবার রাতে নগরীর পতেঙ্গা থানার কাঠগড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মনজুর পদ্মা অয়েল কোম্পানিতে চাকরি করতেন। তিনি পতেঙ্গার কাঠগর এলাকার শক্কুর আলমের ছেলে।

